বিএনপির মিডিয়া সেলের তানিম সুফিয়ানীর বেশ কিছু পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, তানিম আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গে ছবি তুলে সেগুলো নিজের ফেসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করেছেন। এছাড়াও বিএনপি এবং দলটির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করেছেন।
আজ সোমবার (২৪ আগস্ট ২০২৬) বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেলের সই করা এক বিবৃতিতে তানিম সুফিয়ানীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের সদস্য (গ্রাফিক্স ডিজাইনার) তানিম সুফিয়ানীর পূর্ববর্তী রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্য কর্তৃপক্ষের নজরে এসেছে। এসব বিষয় পেশাগত স্বচ্ছতা, আস্থা ও প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নীতিমালার পরিপন্থী হিসেবে বিবেচনা করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি মিডিয়া সেলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তানিম সুফিয়ানীকে ২৪ আগস্ট ২০২৬ থেকে ডিজিটাল টিমের গ্রাফিক্স ডিজাইনার পদসহ সংশ্লিষ্ট সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতির পর বিএনপি মিডিয়া সেলের নাম, পরিচয়, পদ, দায়িত্ব বা অভ্যন্তরীণ কার্যক্রমের সঙ্গে তার কোনো ধরনের প্রতিনিধিত্ব বা সম্পৃক্ততা থাকবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

