হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের প্রাণনাশের উদ্দেশ্যে মারধর করে গুরুতর জখম, মালামাল লুট ও ক্ষতিসাধনের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমদ সহ ১১ জন। আজ রোববার দুপুরে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই জামিন মঞ্জুর করেন।

হবিগঞ্জ শহরের টাউনহলের সামনে গত ২৮ জুলাই বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম সহ অন্যান্য নেতাদের গাড়িতে বেপরোয়া হামলা এবং অকথ্য ভাষায় গালাগালি করা হয়। এ ঘটনায় ২৯ জুলাই রাতে হবিগঞ্জ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা করেন। এতে জেলা ছাত্রদলের সভাপতি রাজিব আহমদ-সহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়।
এ মামলায় আজ দুপুরে জামিন পাওয়া আসামিরা হলেন- জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ, বৃন্দাবন সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, সহসাংগঠনিক সম্পাদক আসিফুল ইসলাম, পৌর ছাত্রদল নেতা মুজাক্কির হোসেন, ছাত্রদল নেতা এম এইচ শিমুল, আল সাইমন, মাহফুজ চৌধুরী, ইশতিয়াক রহমান, শেখ সাব্বির, নাজমূল হোসেন ও রক্সি ইসলাম।

