যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুলের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

বিএনপির নেতাকর্মীদের মদদে মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বেলা ১১টার দিকে সংসদ সদস্য গোলাম রসুলের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের মদদে উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিতভাবে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় যশোর-৪ আসনের সংসদ সদস্য এবং যশোর জেলা জামায়াতের আমীর গোলাম রসুলের বাসায় একদল সন্ত্রাসী ন্যক্কারজনক হামলা চালিয়েছে। আমি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

গোলাম পরওয়ার বলেন, একজন সংসদ সদস্যের বাসায় এহেন কাপুরুষোচিত হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অবনতির দিকে নিয়ে যাবে। আমি হামলার সাথে জড়িত ও উসকানিদাতাদের অবিলম্বে শনাক্ত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, সংসদ সদস্য গোলাম রসুলের এক মেয়ে মানসিকভাবে অসুস্থ। তিনি ভারতের হায়দরাবাদসহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। এমন একজন মানসিক রোগীর কোনো আচরণকে কেন্দ্র করে (যা ইতোমধ্যে মীমাংসিত ইস্যু) এহেন হামলার ঘটনা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এছাড়াও নিজের মেয়ের অসুস্থতার বিষয়টি তুলে ধরে সংসদ সদস্য ঘটনার ব্যাখ্যা দেয়ার পরও ‘মবকে’ উসকে দেয়ার বিশেষ উদ্দেশ্য রয়েছে বলে আমরা মনে করি।

গোলাম পরওয়ার আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। তাই দুর্বৃত্তায়ন কিংবা ‘মব’ করে জামায়াতকে বিতর্কিত করতে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে যেসব টার্গেটেড অপপ্রচার চালানো হচ্ছে, তা অপ্রত্যাশিত ও অনভিপ্রেত। ঘটনার সত্যতা তুলে ধরে সংবাদ প্রকাশ এবং নাগরিকদের বিভ্রান্ত না করার জন্য আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *