যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এতে তার পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত হয়েছে।
শুক্রবার নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণে বার্নহ্যাম বলেন, লেবার পার্টি আবার শ্রমজীবী মানুষের দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে। তবে শুধু নেতৃত্বের দায়িত্ব নয়, বরং যুক্তরাজ্যকে নতুন পথে এগিয়ে নেওয়ার একটি সুস্পষ্ট পরিকল্পনা তার রয়েছে বলে দাবি করেছেন তিনি।
বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে। এরপর রাজা বার্নহ্যামকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন এবং ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে নতুন মন্ত্রিসভা নিয়ে যাত্রা শুরু করবেন।
লেবার পার্টির নেতা নির্বাচিত হওয়ার পর অ্যান্ডি বার্নহ্যাম বলেন, রাজনীতির প্রতি মানুষের হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনা এবং এমন একটি সরকার গঠন করা, যা সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।
ভাষণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো, জাতীয় স্বাস্থ্যসেবা (এনএইচএস) আরও শক্তিশালী করা, সামাজিক সেবা সংস্কার এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দেন অ্যান্ডি বার্নহ্যাম।

