ভ্যাগরেন্সি অ্যাক্ট বাতিলকে স্বাগত জানিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আনুষ্ঠানিকভাবে ভ্যাগরেন্সি অ্যাক্ট (Vagrancy Act) বাতিল হওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছে। কাউন্সিল বলেছে, এই সিদ্ধান্ত গৃহহীনতা মোকাবিলায় আরও মানবিক, ন্যায্য এবং কার্যকর পদ্ধতির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

দীর্ঘদিন ধরে সমালোচিত ভ্যাগরেন্সি অ্যাক্টের আওতায় রাস্তায় বসবাসকারী বা নিরাপদ আশ্রয়বিহীন মানুষদের অপরাধী হিসেবে বিবেচনা করা হতো। আইনটি বাতিলের মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, নিরাপদে বসবাসের কোনো স্থান না থাকার কারণে কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করা উচিত নয়।

কাউন্সিলের মতে, এই আইন বাতিল হওয়া এমন একটি ব্যবস্থা থেকে সরে আসার প্রতীক, যা রাস্তায় বসবাসের (rough sleeping) মূল কারণগুলো সমাধান করতে ব্যর্থ হয়েছে। এর পরিবর্তে এখন গুরুত্ব দেওয়া হচ্ছে গৃহহীনতা প্রতিরোধ, সময়মতো সহায়তা প্রদান এবং দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করার ওপর।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের হাউজিং অ্যান্ড রিজেনারেশন বিভাগের কর্পোরেট ডিরেক্টর ডেভিড জয়েস (David Joyce) বলেন, “গৃহহীনতার ক্ষেত্রে আরও ন্যায্য ও সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি গ্রহণের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। টাওয়ার হ্যামলেটসে আমাদের ‘হোমলেসনেস অ্যান্ড রাফ স্লিপিং স্ট্র্যাটেজি ২০২৪–২০২৯’-এর মূল লক্ষ্য হলো মানুষের সঙ্গে আগেভাগে কাজ করে গৃহহীনতা প্রতিরোধ করা, উন্নতমানের আবাসনের সুযোগ নিশ্চিত করা এবং যখন প্রয়োজন তখন সঠিক সহায়তা পাওয়ার ব্যবস্থা করা।”

তিনি বলেন, “রাস্তায় রাত কাটানোর ঘটনা যেন অবিশ্বাস্য হয়, স্বল্পস্থায়ী হয় এবং পুনরায় না ঘটে– সে ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে আমরা প্রত্যেক ব্যক্তিকে মর্যাদা ও সম্মানের সঙ্গে বিবেচনা করেই সেবা প্রদান করতে চাই। ভ্যাগরেন্সি অ্যাক্ট বাতিল হওয়া আমাদের সেই দৃষ্টিভঙ্গিকেই আরও শক্তিশালী করেছে, যেখানে প্রতিরোধ ও সহায়তাকে আমাদের কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে।”

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের হোমলেসনেস অ্যান্ড রাফ স্লিপিং স্ট্র্যাটেজি ২০২৪–২০২৯ গৃহহীনতা প্রতিরোধে প্রাথমিক হস্তক্ষেপ, নিরাপদ ও মানসম্মত আবাসনের সুযোগ বৃদ্ধি এবং বাসিন্দাদের জন্য প্রয়োজনীয় সহায়তা সহজলভ্য করার ওপর জোর দেয়। কাউন্সিল বিভিন্ন অংশীদার সংস্থা, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং স্থানীয় কমিউনিটিগুলির সঙ্গে কাজ করে গৃহহীনতার দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ভ্যাগরেন্সি অ্যাক্ট বাতিলের মাধ্যমে জাতীয় পর্যায়ে যে ইতিবাচক পরিবর্তনের সূচনা হয়েছে, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বিশ্বাস করে তা গৃহহীন ব্যক্তি ও ঝুঁকিতে থাকা বাসিন্দাদের জন্য আরও সহায়ক ও মর্যাদাপূর্ণ পরিবেশ গড়ে তুলতে সহায়তা করবে।

কাউন্সিলের লক্ষ্য হলো এমন একটি কমিউনিটি গড়ে তোলা, যেখানে কেউ গৃহহীনতার কারণে পিছিয়ে পড়বে না এবং প্রত্যেক মানুষ নিরাপদে ও সম্মানের সঙ্গে জীবনযাপনের সুযোগ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *