সারাদেশে শিশু হত্যা ও শিশু রামিসার ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার ঢাকা মহানগরী দক্ষিণের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২২ মে ২০২৬) সকাল ১১ টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়।
ছাত্রীসংস্থার নেত্রীরা বলেন, শিশু রামিসার ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ড পুরো জাতিকে স্তম্ভিত করেছে। এর আগেও কুমিল্লার তনু, মাগুরার আছিয়া, পাবনার জামিলা, নরসিংদীর আমেনা, ঢাকার তাহিয়া, সীতাকুণ্ডের ইরাসহ হাজারো নারী ও শিশুর সাথে সহিংসতার ঘটনার সাক্ষী আমাদের হতে হয়েছে।
ছাত্রীসংস্থার পক্ষ থেকে দাবি করা হয়, নারী ও শিশুদের প্রতি এই অব্যাহত সহিংসতার লাগাম টেনে ধরতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সময়ের অনিবার্য দাবি। আজ আছিয়া রামিসা, কাল আমার আপনার বোন বা সন্তান এর শিকার হবে না, তার কোন নিশ্চয়তা নেই।এ অবস্থায় রাষ্ট্রকে এখানে দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করতেই হবে।
বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, ঢাকা মহানগরী দক্ষিণের আজকের মানববন্ধন থেকে নিম্নোক্ত দাবি ও প্রস্তাব উত্থাপন করা হয়।
১. রামিসা হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচার নিশ্চিত করে, দ্রুততম সময়ে ধর্ষক ও খুনীর সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে।
২. অন্যান্য সকল নারী ও শিশু সহিংসতার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে অবিলম্বে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। প্রতিটি মামলার অগ্রগতি নিয়মিত সংবাদমাধ্যমে প্রকাশ করতে হবে।
৩. নারী ও শিশু সহিংসতার মামলা সংক্রান্ত কাজে প্রশাসনের কোন পর্যায়ের কর্মকর্তার গাফলতি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
৪. সামাজিক অবক্ষয় রোধে, রাষ্ট্রীয় উদ্যোগে জরুরি ভিত্তিতে মাদকের সহজলভ্যতা নিয়ন্ত্রণ ও সমস্ত অশ্লীল সাইট বন্ধ করতে হবে।
৫. ছোট-বড় সকলের জন্যই নৈতিক শিক্ষা নিশ্চিত করতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শিক্ষা প্রতিষ্ঠানসহ সব ধরণের প্রতিষ্ঠানেই সচেতনতামূলক কর্মসূচি চালু করতে হবে।
৬. বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।
৭. নারী ও শিশুর প্রতি যে কোন সহিংসতায় জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে।

