জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
নির্বাচনে অংশ নিতে নুসরাত তাবাসসুমের এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার (২৭ এপ্রিল ২০২৬) রুল ও আদেশ দেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২১ এপ্রিল এবং মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ছিল ২২ ও ২৩ এপ্রিল।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন, সঙ্গে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম মুসা ও মো. মনিরুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খান জিয়াউর রহমান ও মাহফুজ বিন ইউসুফ।
জানা যায়, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বিকাল ৪টা। কিন্তু নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দেন ৪টা ১৯ মিনিটে। নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে জমা দেওয়ায় ইসি এই মনোনয়নপত্র বাতিল করেন।
মনোনয়নপত্র বাতিলের বৈধতা নিয়ে রিট করেন নুসরাত। হাইকোর্ট এই মনোনয়নপত্র গ্রহণ করে যাচাই–বাছাই করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন। সেই সাথে মনোনয়নপত্র গ্রহণ না করা সংক্রান্ত সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

