চট্টগ্রামে চলন্ত ট্রেনের বগিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে চলন্ত চট্টলা এক্সপ্রেস ট্রেনের বগিতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ট্রেনটির অন্তত ৩টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন টের পেয়ে দ্রুত যাত্রীরা নেমে যাওয়ায় কোন প্রাণহানি ঘটেনি। এই দুর্ঘটনার ফলে ঢাকা ও সিলেটের সঙ্গে চট্টগ্রামের ট্রেন যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে ভাটিয়ারীর বাংলাদেশ মিলিটারি (বিএমএ) গেটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ট্রেনে আগুন লাগার খবর পেয়ে সীতাকুণ্ডের কুমিরা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী ট্রেনটি ভাটিয়ারী রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে হঠাৎ ট্রেনটির বগিতে আগুনের সৃষ্টি হয়। চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিন ও ৩টি বগিতে আগুন লা‌গে। আগুন লাগার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সে সময় ট্রেন ধীরে চলার কারণে তারা দ্রুত নেমে যান। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ৩টি বগি পুরোপুরি এবং একটি বগির আংশিক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সাব স্টেশন কর্মকর্তা আহসান আলী বলেন, চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার ও একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগিতে আগুন লেগেছে। আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের পাওয়ার কার (বিদ্যুৎ উৎপাদনকারী বগি) থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশে এসি বগিতে ছড়িয়ে পড়ে।

এই দুর্ঘটনার ফলে ঢাকা ও সিলেটের স‌ঙ্গে চট্টগ্রামমুখী ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *