বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে একাধিক ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে।
ইরাকের নিরাপত্তা সূত্রগুলো বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, “হামলা শুরুর পর থেকে এটি ছিল সবচেয়ে তীব্র আক্রমণ।”
এই হামলার প্রায় ছয় ঘণ্টা আগে ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য দূতাবাসে নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছিল।
সতর্কবার্তায় বলা হয়, ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো বাগদাদের আন্তর্জাতিক এলাকায় একাধিকবার হামলা চালিয়েছে।
এই সপ্তাহজুড়ে ইরাকে একাধিক হামলার ঘটনা ঘটেছে, যা মঙ্গলবার ভোর পর্যন্ত অব্যাহত রয়েছে। সোমবার বাগদাদের কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনে একটি বিলাসবহুল হোটেলে ড্রোন হামলায় আগুন লাগে। ওই এলাকায় সরকারি ভবন ও বিদেশি দূতাবাসগুলো অবস্থিত।
মঙ্গলবার সকালে একই গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে হামলা চালানো হয়। একজন নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে জানান, “তিনটি ড্রোন ও চারটি রকেট দিয়ে দূতাবাসে হামলা করা হয়, যার মধ্যে অন্তত একটি ড্রোন ভেতরে গিয়ে আঘাত হানে।”
একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, তিনি অন্তত তিনটি ড্রোনকে মার্কিন দূতাবাসের দিকে উড়তে দেখেছেন। এর মধ্যে দু’টি ভূপাতিত করা হলেও একটি দূতাবাস চত্বরে আঘাত হানে।
ইরাকি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, “হামলা শুরুর পর এটি ছিল সবচেয়ে তীব্র আক্রমণ।” বিবিসি

