বাংলাদেশের দেশের উচ্চ আদালতের এজলাসে সাংবাদিকদের প্রবেশে, গণমাধ্যমকর্মীদের প্রবেশে একধরনের অলিখিত নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে মুক্ত গণমাধ্যম দিবসে মুখে কালো কাপড় বেধে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।
রোববার দুপুরে আদালতের মেইন গেটের সামনে এই কর্মসূচি পালন করে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)।
এসময় সাংবাদিকরা জানান, গত সাতই জানুয়ারি থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাস এবং হাইকোর্ট বিভাগের বিভিন্ন বেঞ্চে গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দায়িত্ব নেওয়ার পর মৌখিকভাবে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। অথচ যুগের পর যুগ ধরে সাংবাদিকরা এজলাসে ঢুকে সংবাদ সংগ্রহ করে আসছেন।
গণমাধ্যমকর্মীরা বলেন, আদালত কক্ষে বিচারিক কার্যক্রম সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে। তাই আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাধা দেওয়া কেবল পেশাগত প্রতিবন্ধকতা নয়, এটি সংবিধানের ৩৯ অনুচ্ছেদ প্রদত্ত মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। বিবিসি

