সিলেটের জকিগঞ্জ উপজেলায় বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির চেষ্টার অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। সোমবার (২২ জুন ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাবুর বাজার এলাকার একটি কম্পিউটার ও প্রিন্টিং প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভারতীয় আধার কার্ডের তথ্য ব্যবহার করে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির উদ্দেশ্যে ওই ব্যক্তি দোকানটিতে যান। বিষয়টি সন্দেহজনক মনে হলে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মাহবুর সুলতান কৌশলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে জকিগঞ্জ থানা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে একটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, একটি ভারতীয় আধার কার্ড এবং তার ব্যবহৃত মোবাইল ফোনে সংরক্ষিত ভারতীয় বিভিন্ন কাগজপত্রের ছবিও পাওয়া গেছে। এসব নথির সত্যতা যাচাই করছে পুলিশ।
আটক ব্যক্তি নিজের নাম রাব্বি আহমদ বলে পরিচয় দিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের কারণে তিনি বাংলাদেশে এসেছেন।
তার ভাষ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে আগের রাতে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। এরপর ফুফুর বাড়িতে যাওয়ার পরিকল্পনা ছিল তার। বাংলাদেশে চলাচলের সুবিধার্থে জাতীয় পরিচয়পত্র তৈরির চেষ্টা করেছিলেন বলেও তিনি পুলিশের কাছে স্বীকার করেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘আটক ব্যক্তির পরিচয়, বাংলাদেশে প্রবেশের বৈধতা এবং জাতীয় পরিচয়পত্র তৈরির চেষ্টার অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া কাগজপত্রও যাচাইবাছাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ ইউএনবি

