বাংলাদেশ পুলিশে কর্মরত একজন অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন একটি বাড়ি থেকে অসামাজিক কাজে বিপুল সংখ্যক নারী-পুরুষের লিপ্ত থাকা ও মাদকদ্রব্য উদ্ধারের ঘটনার উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ পুলিশে কর্মরত একজন অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন একটি বাড়িতে অসামাজিক কাজে বিপুল সংখ্যক নারী-পুরুষের লিপ্ত থাকা ও মাদক সেবন করার বন্দোবস্ত করে দেয়া খুবই উদ্বেগের, লজ্জাজনক ও দেশের আইনশৃঙ্খলার জন্য অশনি সংকেত এবং সামাজিক অপরাধকে উসকে দেয়ার গভীর ষড়যন্ত্র। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এডভোকেট জুবায়ের বলেন, এ ঘটনায় ২০ অক্টোবর মঙ্গলবার ৮৪ জন নারী-পুরুষকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। একই সঙ্গে বাসা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পণ্য (মাদক) উদ্ধার করা হয়েছে। আমি এঘটনার সাথে জড়িত ও দায়ীদের কঠোর শাস্তি দাবি করছি। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা এর নেপথ্যে জড়িত এবং এমন সব সামাজিক অপরাধকর্মের পৃষ্ঠপোষকতা দিয়ে আসছেন তাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে মাদকে সয়লাব হয়ে গেছে শহর থেকে গ্রামগঞ্জ পর্যন্ত। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বাসায় এ ধরনের অপকর্ম সংঘটিত হওয়ায় জনমনে চরম উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। মাদকের সিন্ডিকেট ভাঙতে আমি সরকার, আইনশৃঙ্খলা বাহিনীর সকল বিভাগ এবং দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ওই ঘটনার জন্য বাড়ির মালিক অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের বিষয়ে বিভাগীয় তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

