জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তারা আমাদের প্রেরণার উৎস, ফ্যাসিস্টদের অবশ্যই বিচার হবে : পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির

বাংলাদেশ সাম্প্রতিক সিলেট
শেয়ার করুন

* এটিএম তুরাব পদকের জন্য মনোনীত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার

হুমায়ূন রশিদ চৌধূরী সিলেট থেকে:

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তারা আমাদের প্রেরণার উৎস। ফ্যাসিস্টদের নির্দেশনায় যারাই ঐ সময়ে হত্যাকান্ড ঘটিয়েছে, তাদের অবশ্যই বিচার হবে। রাজপথে ছাত্র জনতা-সহ আমরা সব দল একত্রে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করেছি। সেটা আমরা ভুলতে পারিনা। বর্তমান সরকার চব্বিশের গণঅভ্যুত্থান মনে প্রাণে ধারণ করে উল্লেখ করে তিনি বলেন, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়তে হবে। ফ্যাসিস্টদের বিচার প্রক্রিয়া যাতে বিলম্বিত না হয় সে বিষয়ে তিনি প্রধানমন্ত্রী-সহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা করবেন। সিলেটের সাংবাদিক তুরাব হত্যার বিষয়ে সংসদে সরকারি ও বিরোধীদলকে সোচ্চার হবারও পরামর্শ দেন পররাষ্ট্র উপদেষ্টা।

পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত সাংবাদিক এটিএম তুরাবের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী ও এটিএম তুরাব পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শনিবার সন্ধ্যায় সিলেট প্রেসক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূর। ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।

পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, জুলাই আন্দোলনে দেড় হাজার মানুষের রক্তের বিনিময়ে আমরা এ জায়গায় এসেছি। শহীদ তুরাবের রক্ত সিলেটের মাটিতে ঝরেছে। তুরাব হত্যার বিচার বিলম্বিত হবার বিষয়ে আলোকপাত করে তিনি বলেন, এ নিয়ে ব্যক্তিগতভাবে তিনি আগামী ২-৩ দিনের মধ্যে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন। যাতে তুরাব-সহ এ ধরনের জঘন্য হত্যাকান্ডের সাথে জড়িতরা দ্রুত গ্রেফতার হয় এবং তাদের উপযুক্ত শাস্তি হয়।

সাংবাদিকতার মৌলিক নীতিমালার বিষয়ে আলোকপাত করে হুমায়ুন কবির বলেন, সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তুরাব শহীদ হয়েছেন। গত ১৫ বছর অপতথ্যের মাধ্যমে দেশকে তথ্য সন্ত্রাসে পরিণত করা হয়েছিল।

বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক দাফন হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, বিগত নির্বাচনের মাধ্যমে দেশে মিডিয়া স্বাধীনভাবে তার কার্যক্রম চালাচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে সাংবাদিকদের কলম ধরার আহব্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভেদাভেদ থাকতে পারে। কিন্তু দেশের ব্যাপারে আমাদের সকলকে এক থাকতে হবে। দেশপ্রেমের চেতনা নিয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করার অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান লোদী কয়েস লোদী, সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন।

অনুভূতি ব্যক্ত করেন এটিএম তুরাব পদকের জন্য মনোনীত দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার।

এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, তুরাবের লাশ ছিনিয়ে নেয়ার অপচেষ্টার স্বাক্ষী আমরা। মামলায় আমাদের লোকজনকেও আসামি করা হয়। এটা হচ্ছে নির্মম বাস্তবতা। জুলাই বিপ্লবে তুরাব ও গোলাপগঞ্জের ৭জন নিরীহ মানুষকে হত্যার বিচারের অগ্রগতি নিয়ে তিনি সম্প্রতি চিফ প্রসিকিউটরের সাথে আলোচনা করেছেন। এ হত্যাকান্ডের বিচার বিলম্বে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আমরা প্রতিশোধপরায়ণ হতে চাই না। এ হত্যার বিচারের মধ্য দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে- এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লোদী (কয়েস লোদী) তুরাব হত্যার বিচার কার্যক্রম তুরাব হত্যাকান্ডের তদন্ত প্রক্রিয়া সাগর রুনি হত্যাকান্ডের মতো হয়ে যায় কিনা- এই আশংকা ব্যক্ত করেন। এ হত্যাকান্ডের সাথে জড়িত পুলিশ অফিসাররা গ্রেফতার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘প্রতিবাদ নয়, ফাঁসির দাবি নিয়ে আমরা দাঁড়িয়েছি’।

মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম বলেন, সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে তুরাব জীবন দিয়েছেন। এ মামলার তেমন অগ্রগতি না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেছেন এ সরকার কোন অন্যায়কে ছাড় দেবে না।

অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন বলেন, রাজনীতির কারণে কারো রক্ত ঝরুক-এটা আমরা চাই না।

আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সাবেক সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর, প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ কবীর আহমদ সোহেল, ক্লাবের সহ-সাধারণ সম্পাদক খালেদ আহমদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ক্লাব সদস্য কবির আহমদ।

অনুষ্ঠানে পদকপ্রাপ্ত সাংবাদিক আব্দুল কাদের তাপাদারের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন প্রধান অতিথিসহ অন্য অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *