জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে টাওয়ার হ্যামলেটস স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

প্রবাসী বাংলাদেশ যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

প্রবাসীদের অবদান, শিক্ষা ও পারস্পরিক সহযোগিতা নিয়ে অভিজ্ঞতা বিনিময়

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং লন্ডনের টাওয়ার হ্যামলেটস বারা কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমদ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) ঢাকায় জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে তাঁদের মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় লন্ডনপ্রবাসী ব্যারিস্টার আবু সাদাত মো. সুহেল এবং ব্যারিস্টার আরিফুল কবির চৌধুরী উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক, দেশের অর্থনীতি ও সমাজ উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদান, শিক্ষাক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষ অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধন আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি বসবাস করেন, যাঁরা দুই দেশের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সেতুবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

তিনি বাংলাদেশের শিক্ষাক্ষেত্রের উন্নয়ন এবং উভয় দেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে টাওয়ার হ্যামলেটস বারা কাউন্সিলের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় এবং বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

অন্যদিকে, টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমদ বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান সুসম্পর্কের কথা উল্লেখ করে বলেন, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে দীর্ঘদিনের বন্ধন আরও সুদৃঢ় করা সম্ভব। এ ক্ষেত্রে উভয় পক্ষের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উল্লেখ্য, কাউন্সিলর ব্যারিস্টার মুস্তাক আহমদ লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার হিসেবে বারার প্রথম নাগরিক বা ‘ফার্স্ট সিটিজেন’ হিসেবে বিভিন্ন নাগরিক ও আনুষ্ঠানিক আয়োজনে প্রতিনিধিত্ব করেন। তিনি কাউন্সিল সভায় সভাপতিত্ব করার পাশাপাশি গুরুত্বপূর্ণ অতিথিদের স্বাগত জানান এবং বারার প্রতিনিধিত্বমূলক দায়িত্ব পালন করেন।

পেশাগত জীবনে ব্যারিস্টার মুস্তাক আহমদ ল’ম্যাটিক সলিসিটর্সে দেওয়ানি মামলার আইনজীবী হিসেবে কাজ করছেন। আইন পেশার পাশাপাশি তিনি একজন জনপ্রতিনিধি, সমাজসেবী, লেখক ও টেলিভিশন আলোচক হিসেবে পরিচিত।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে তাঁর এ সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততায় সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরিতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা জানিয়েছেন ব্যারিস্টার আবু সাদাত মো. সুহেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *