বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে সম্প্রতি বিদায় নিয়েছেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান, কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।
সদ্য বিদায়ী কেন্দ্রীয় দ্বায়িত্বশীলদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতি হলেন নুরুল ইসলাম সাদ্দাম।

“একদিন কাফেলা তো বন্দরে ভিড়বে- হয়তোবা এ নাবিক থাকবেনা আর সেইদিন” শীরোনামে নুরুল ইসলাম সাদ্দাম লিখেছেন, ”প্রিয় ভাইদের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য আবেগময় স্মৃতি—যা ভাষায় প্রকাশ করা সত্যিই অসম্ভব। এ কাফেলা শুধু একটি সংগঠন নয়; এ আমাদের আবেগ, আমাদের নিশ্বাস, আমাদের প্রেরণা। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে আদর্শের এই পথচলা অব্যাহত রয়েছে, আর সেই পথচলারই ক্ষুদ্র একজন পথিক হতে পেরে নিজেকে ধন্য মনে করি।
ইসলামী আন্দোলনের এই কাফেলায় আপনাদের পথচলার প্রতিটি বাঁকে ছড়িয়ে আছে ত্যাগ, ভালোবাসা, সংগ্রাম, স্মৃতি আর অনুপ্রেরণার অগণিত গল্প। অল্প কথায় কিংবা স্বল্প সময়ে সেসব স্মৃতির কথা বলে শেষ করা সম্ভব নয়। আপনাদের প্রত্যেকের জন্য রইল অফুরন্ত দোয়া, অকৃত্রিম শ্রদ্ধা এবং অবিরাম ভালোবাসা।
ইসলামী ছাত্রশিবির তিলে তিলে গড়ে তোলে প্রতিটি দায়িত্বশীলকে। সততা, দক্ষতা, শৃঙ্খলা, আদর্শ ও দেশপ্রেমে উজ্জীবিত মানুষ তৈরিই আমাদের অঙ্গীকার। আজ দেশ-বিদেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ছাত্রশিবিরের ভাইয়েরা নিজ নিজ কর্মক্ষেত্রে সততা, যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখে দেশ ও জাতি গঠনে নিরলসভাবে কাজ করে চলেছেন। অন্ধকার দূর করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার মহান স্বপ্ন বুকে ধারণ করে তারা এগিয়ে চলেছেন অবিরাম।
আল্লাহ তাআলা এই কাফেলার প্রতিটি পথিকের ত্যাগ ও শ্রম কবুল করুন, আমাদের সবাইকে শেষ নিঃশ্বাস পর্যন্ত সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার তাওফিক দান করুন। আমীন।”
অল্প সময়ের মধ্যে এটি ভাইরাল হয়েছে। ছড়িয়ে পড়েছে শত শত সমর্থকে ওয়ালে।

