ইতিহাসবিদ ড. আব্দুল করিমের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আয়োজনে ইতিহাসবিদ ড. আব্দুল করিমের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৩ মে ২০২৬) ঢাকার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ‘প্রফেসর ডক্টর আব্দুল করিমের জীবন ও কর্ম’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপ-পরিচালক (প্রকাশনা) ড. মো. আতাউর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম। তিনি বলেন, প্রফেসর ড. আব্দুল করিম প্রচলিত কাহিনী বা কিংবদন্তির ওপর নির্ভর না করে শিলালিপি, মুদ্রা ও সমসাময়িক দলিলের ওপর ভিত্তি করে ইতিহাস পুনর্গঠন করেছেন। তার এই তথ্যনিষ্ঠ গবেষণাই বাংলার ইতিহাসকে প্রকৃতপক্ষে সমৃদ্ধ করেছে।

প্রধান আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ড. শরীফ উদ্দিন আহমেদ স্মৃতিচারণ করে বলেন, ড. আব্দুল করিমের সরাসরি ছাত্র হতে পেরে আমি গর্বিত। ইতিহাস চর্চায় এই মনীষীর মধ্যে আমরা যে তথ্যনিষ্ঠা, শ্রম এবং সত্যের প্রতি আপসহীন দায়বদ্ধতা দেখেছি, তা বর্তমানে সত্যিই বিরল।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) মু. বিল্লাল হোসেন খান এই মনীষীর ৯৮তম জন্মবার্ষিকী উদযাপনের উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও ব্যাপক পরিসরে এমন প্রশংসনীয় উদ্যোগ অব্যাহত রাখা হবে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রকাশনা) মো. গোলাম ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *