জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন। আমীরে জামায়াত জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ায় রাষ্ট্রদূত তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং সার্বিক সফলতা কামনা করেন।
মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) বেলা ১১টায় বিরোধীদলীয় নেতার রাজধানী ঢাকাস্থ বসুন্ধরার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উভয় পক্ষ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। এছাড়া তারা আশা প্রকাশ করেন আগামী দিনগুলোতে বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং দ্বিপক্ষীয় উন্নয়ন ও সহযোগিতা আরও জোরদার হবে।
বৈঠকে চীন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ড. লিউ ইউইং, রাজনৈতিক শাখার পরিচালক ঝ্যাং জিং, জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা ও জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।

