৩১ অক্টোবর জামায়াতের ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া অভিমুখে অনুষ্ঠেয় লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২১ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য এবং লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার সভায় সভাপতিত্ব করেন। বৈঠকে লংমার্চের সার্বিক প্রস্তুতি, বিভিন্ন বিভাগের কার্যক্রম এবং কর্মসূচি বাস্তবায়নের নানা দিক নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। এ সময় তিনি সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রস্তুতির খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সভায় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. হামিদুর রহমান আযাদ ও মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

এ ছাড়া ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপিস-হ শৃঙ্খলা, প্রচার, আইটি ও সাংস্কৃতিক বিভাগের দায়িত্বশীল এবং ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ৩১ অক্টোবর সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ছাড়া ১১ দলের শীর্ষ নেতারাও সমাবেশে বক্তব্য দেবেন।

উদ্বোধনী সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি নিশ্চিত করতে দলের দায়িত্বশীলদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

দলীয় সূত্রে জানানো হয়, সকাল ৮টায় প্রায় এক হাজার গাড়ির বহর নিয়ে লংমার্চ শুরু হবে। মাওয়া সড়ক দিয়ে পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুর, মাদারীপুর, ভাঙ্গা (ফরিদপুর), গোপালগঞ্জ ও বাগেরহাটের ফকিরহাট হয়ে রূপসা সেতু দিয়ে খুলনায় পৌঁছাবে বহরটি।

এরপর যশোর ও ঝিনাইদহ অতিক্রম করে কুষ্টিয়া জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। এ কর্মসূচিতে গণমাধ্যমকর্মী, চিকিৎসক, শিল্পী এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যদের অংশ নেওয়ার কথা রয়েছে।

লংমার্চের পথে নির্ধারিত কয়েকটি স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সকাল ৭টায় উদ্বোধনী সমাবেশ, কুষ্টিয়ায় সমাপনী।

সকাল ৯টা: শরীয়তপুরের জাজিরার নাওডোবা।
সকাল ১১টা: বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড়।
দুপুর ১২টা ৩০ মিনিট: খুলনা মহানগরীর বাবরী চত্বর।
দুপুর ২টা: খুলনার ফুলতলা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর।
বিকেল ৩টা ৩০ মিনিট: যশোরের মুড়লীর মোড়।
বিকেল ৫টা: ঝিনাইদহ বাস টার্মিনাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *