বাড়তি খরচে স্বস্তি দিতে টাওয়ার হ্যামলেটসে নতুন আর্থিক সহায়তা

প্রবাসী যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

বার্ষিক পারিবারিক আয় ৬০ হাজার পাউন্ডের কম হলে মিলতে পারে সর্বোচ্চ ২১৬.২৩ পাউন্ড পর্যন্ত অনুদান

জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের মধ্যে বাসিন্দাদের আর্থিক চাপ কমাতে কাউন্সিল ট্যাক্স কস্ট অব লিভিং রিলিফ ফান্ডের আওতায় বিশেষ সহায়তা দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। এই তহবিলের মাধ্যমে যোগ্য পরিবারগুলো ২০২৬–২৭ অর্থবছরে কাউন্সিল ট্যাক্স বৃদ্ধির অতিরিক্ত ব্যয়ের একটি অংশ থেকে স্বস্তি পেতে পারেন।

কাউন্সিলের তথ্য অনুযায়ী, যেসব পরিবারের বার্ষিক সম্মিলিত আয় ৬০ হাজার পাউন্ডের কম এবং যারা বর্তমানে কাউন্সিল ট্যাক্স রিডাকশন (Council Tax Reduction) পাচ্ছেন না, তারা এই সহায়তার জন্য আবেদন করতে পারবেন। যোগ্য পরিবারগুলোর কাউন্সিল ট্যাক্সের ২.৯৯ শতাংশ বৃদ্ধির সমপরিমাণ অর্থ অফসেট করতে এই তহবিল সহায়তা করবে।

এই অনুদানের জন্য আবেদনকারীদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীর নাম অবশ্যই কাউন্সিল ট্যাক্স বিলে থাকতে হবে। পাশাপাশি, পরিবারের মোট সঞ্চয় ১৬ হাজার পাউন্ডের কম হতে হবে এবং আবেদনকারীকে ১ এপ্রিল ২০২৪-এর আগে থেকে টাওয়ার হ্যামলেটসে বসবাস করতে হবে। এ ছাড়া, পরিবারের বার্ষিক সম্মিলিত আয় ৬০ হাজার পাউন্ডের কম হওয়া এবং কাউন্সিল ট্যাক্স রিডাকশন না পাওয়ার শর্তও প্রযোজ্য।

২০২৬–২৭ অর্থবছরে সম্পত্তির কাউন্সিল ট্যাক্স ব্যান্ড অনুযায়ী অনুদানের পরিমাণ সর্বনিম্ন ৭২.১৫ পাউন্ড থেকে সর্বোচ্চ ২১৬.২৩ পাউন্ড পর্যন্ত হতে পারে। তবে যারা একক ব্যক্তি হিসেবে ২৫ শতাংশ কাউন্সিল ট্যাক্স ছাড় পান, তাদের ক্ষেত্রে অনুদানের পরিমাণ আলাদা হতে পারে।

আবেদন করার সময় কাউন্সিল ট্যাক্স অ্যাকাউন্ট নম্বর এবং পরিবারের আয়ের প্রমাণ দিতে হবে। পরিস্থিতি অনুযায়ী মার্চ ও এপ্রিল ২০২৬-এর পে-স্লিপ, স্বনিযুক্ত ব্যক্তিদের হিসাব বিবরণী এবং ইউনিভার্সাল ক্রেডিট গ্রহণকারীদের সর্বশেষ স্টেটমেন্টও জমা দিতে হতে পারে।

যোগ্য বাসিন্দাদের যত দ্রুত সম্ভব আবেদন করার পরামর্শ দিয়েছে কাউন্সিল। তবে আবেদন জমা দেওয়া বা তার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার সময়ও নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাউন্সিল ট্যাক্স পরিশোধ করতে হবে।

বিস্তারিত তথ্য ও অনলাইনে আবেদনের জন্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ওয়েবসাইট ভিজিট করুন: https://www.towerhamlets.gov.uk/lgnl/advice_and_benefits/cost-of-living/Council-Tax-Cost-of-Living-Relief-Fund.aspx

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *