নির্ভয়ে ভোট দেয়ার আহ্বান আমীরে জামায়াতের

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান দেশবাসীর উদ্দেশে নির্ভয়ে ও সতর্কভাবে ভোট দিতে আহ্বান জানিয়েছেন।

ডা. শফিকুর রহমান বলেন, এক নতুন ভোরের, নতুন বাংলাদেশের প্রতীক্ষায় একটি ঐতিহাসিক দিনের সূচনালগ্নে দাঁড়িয়ে আমরা। দীর্ঘ প্রতীক্ষা ও ত্যাগের পর আজ সেই দিন, যখন মহান আল্লাহর ওপর ভরসা করে ঐক্যবদ্ধ বাংলাদেশকে সঙ্গে নিয়ে আমরা জাতির এক নতুন অধ্যায় গড়ার মিছিলে শামিল হয়েছি।

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমার প্রিয় দেশবাসী, ভয়হীনভাবে ভোট দিন সব ভয় ও দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে ভোটকেন্দ্রে আসুন এবং উৎসবমুখর পরিবেশে আপনার পছন্দের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দিন।

একই সঙ্গে ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে সতর্ক থাকারও আহ্বান জানান আমীরে জামায়াত। তার ভাষ্য অনুযায়ী, ভোটদান থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত যেকোনো ধরনের কারচুপি, অনিয়ম ও ভোট ডাকাতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলুন। মনে রাখবেন, আজকের এই ভোট শুধু একটি ব্যক্তিগত অধিকার নয়; বরং শহীদদের রক্তে রঞ্জিত এমন এক আমানত যা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, নিরাপদ ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার চাবি। আপনারা অত্যন্ত ধৈর্য ও শৃঙ্খলার সাথে ভোটকেন্দ্রে যান এবং নিজের পবিত্র আমানত রক্ষা করুন।

ডা. শফিকুর রহমান ভোটারদের ধৈর্য ও শৃঙ্খলা বজায় রেখে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান এবং ভোটাধিকারকে ‘পবিত্র আমানত’ হিসেবে উল্লেখ করেন।

পোস্টে আরো উল্লেখ করা হয়, রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাসক হিসেবে নয়, বরং জাতির সেবক হিসেবে দায়িত্ব পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *