শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরান হলের ক্যানটিনের খাবারে অনিয়মের প্রতিবাদ করায় দুই ছাত্রদল নেতা কর্তৃক খাইরুল খন্দকার নামে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। খাবারের মান নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে অভিযোগ করায় শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় মারধরের শিকার হন সমাজবিজ্ঞান বিভাগের (২০২৩-২৪ শিক্ষাবর্ষের) শিক্ষার্থী খাইরুল খন্দকার। শাহপরান হলের আবাসিক শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের যোগাযোগ সম্পাদক হাসিবুর রহমান ও সহ-দপ্তর সম্পাদক তারেক রহমান খাইরুলকে মারাত্মকভাবে মারধর করেছে।
ভিডিও নিউজ লিংক:https://www.facebook.com/reel/1662862428150995
এর প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল ও বিক্ষোভ চলছে। ‘ছাত্রদলের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান’, ‘খাইরুল ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে শাবিপ্রবি ক্যাম্পাস।
রোববার (১৯ জুলাই ২০২৬) দুপুর শিক্ষার্থীরা তিন দফা দাবি জানিয়েছেন। এই দাবির মধ্যে রয়েছে- ১. হামলার সাথে জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। ২. শাহপরান আবাসিক হলের প্রভোস্টকে পদত্যাগ করতে হবে এবং তার বিরুদ্ধে ফৌজদারি বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৩. আহত শিক্ষার্থী-সহ শাবিপ্রবির সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেছেন, দ্রুত এই দাবি না মানা হলে ক্লাস ও পরীক্ষা বর্জন করে প্রতিবাদ অব্যাহত রাখা হবে। এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। ফ্যাসিবাদী ছাত্র লীগের আচরণ আর কাউকে করতে দেওয়া হবেনা।

