যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একইসঙ্গে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সব পক্ষকে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৬) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিবৃতিতে মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যে যুদ্ধবিরতি ঘোষণা করেছে, তাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।’
ডুজারিক আরও জানান, জাতিসংঘ প্রধান মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতের সঙ্গে জড়িত সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি এই অঞ্চলে একটি স্থায়ী ও টেকসই শান্তির পথ সুগম করতে যুদ্ধবিরতির শর্তগুলো যথাযথভাবে পালনের তাগিদ দিয়েছেন। এএফপি, বাসস

