মাহমুদুন্নবী চৌধুরী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন প্রবাসী কল্যাণ মন্ত্রীর

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ পরিচালিত চট্টগ্রামের মাহমুদুন্নবী চৌধুরী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার (৩ অক্টোবর ২০২৬) চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত প্রতিষ্ঠানটি পরিদর্শনে যান মন্ত্রী।

এ সময় মন্ত্রীকে প্রতিষ্ঠানের বিভিন্ন কারিগরি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখান মাহমুদুন্নবী চৌধুরী ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফ উল্যাহ মানসুর। তিনি প্রশিক্ষণার্থীদের দক্ষতা অর্জন ও প্রশিক্ষণ-পরবর্তী জব প্লেসমেন্ট সম্পর্কেও মন্ত্রীকে অবহিত করেন।

সাইফ উল্যাহ মানসুর জানান, বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দেশ-বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির ওপর প্রতিষ্ঠানটি বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে।

প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যে রয়েছে কম্পিউটার, ড্রাইভিং, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং, সুইং মেশিন অপারেশন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, প্লাম্বিং অকুপেশন সহ বিভিন্ন চাহিদাভিত্তিক কারিগরি প্রশিক্ষণ।

প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের উদ্যোগ ও অর্জন সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন আরিফুল হক চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, মাহমুদুন্নবী চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম প্রমুখ। বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *