ফেনীতে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনুর রশিদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবারকে একটি নতুন বাড়ি উপহার দিচ্ছেন ‘আমরা বিএনপি পরিবার’এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রোববার (১২ এপ্রিল ২০২৬) সকালে সংগঠনের উপদেষ্টা আবুল কাশেম ফেনী সদরের ফরহাদ নগরের জগৎ জীবনপুরে যুবদল নেতা রশিদের পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণের কাজ উদ্বোধন করেন।
‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক নেতা। তিনি বিগত ফ্যাসিবাদ সময়ে যারাই নির্যাতিত ও শহীদ হয়েছেন তাঁদের পাশে দাঁড়াচ্ছেন। হারুন ২০১৩ সালে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন। আজ আমরা প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ঘর নির্মাণের উদ্বোধনে আসলাম। আমরা এ পরিবারের পাশে থাকবো।’
প্রধান অতিথি আবুল কাশেম বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শুরু থেকে এ পরিবারের খোঁজখবর রেখেছেন। তিনি শুরু থেকে ওদের ঘর দেবেন বলে আশ্বস্ত করেছিলেন। আজ আমরা সেই কাজের উদ্বোধন করলাম। ‘আমরা বিএনপি পরিবার’ ২০২৩ সালে গঠিত হয়। গত ১৭ বছর ফ্যাসিবাদী সরকারের সময়ে যারা নির্যাতিত ও শহীদ হয়েছিলেন তাঁদের পাশে এ সংগঠনটি দাঁড়াচ্ছে এবং তাঁদের জন্য কাজ করে যাচ্ছে।’
এ সময় জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল,পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা, উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন বাচ্চু, জেলা যুবদলের সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী বরাত, সিনিয়র যুগ্ম আহবায়ক বেলাল হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব হায়দার আলী রাসেল পাটোয়ারী ও উপজেলা সদস্য সচিব শাহাদাত হোসেন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা যুবদলের সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী বরাত মুনাজাত পরিচালনা করেন।
২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনী শহরের শহীদ শহিদুল্লা কায়সার সড়কে হরতালের সমর্থনে চলা মিছিলে পুলিশের গুলিতে যুবদল নেতা হারুনুর রশিদ প্রাণ হারান। বাসস

