নতুন সংসদ সদস্যরা কাদের কাছে শপথ নেবেন এ নিয়ে সরকারের নীতিগত পর্যায়ে দুটি বিকল্প বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। নির্বাচনের পর দ্রুত শপথ গ্রহণ নিশ্চিত করতে রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি বা প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ নেওয়ার বিষয়টি আলোচনায় আছে বলে জানিয়েছেন তিনি।
গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান। তিনি বলেন, ‘এটা (নতুন এমপিরা কার কাছে শপথ নেবেন) সরকারের নীতিগত পর্যায়ের সিদ্ধান্ত, এ বিষয়ে আমি এখন আপনাদের চূড়ান্ত কিছু বলতে পারব না। তবে আমাদের সামনে দুটি অপশন আছে। রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি শপথ পড়াতে পারবেন। উদাহরণ হিসেবে হয়তো আমাদের প্রধান বিচারপতি হতে পারেন। এটা যদি না হয়, তাহলে আমাদের যিনি প্রধান নির্বাচন কমিশনার আছেন, তিনিই শপথ পড়াবেন।’
উপদেষ্টা বলেন, ‘সেক্ষেত্রে একটা সমস্যা আছে, তিন দিন অপেক্ষা করতে হবে। আমরা অপেক্ষা করতে চাই না। আমরা নির্বাচন হওয়ার পর যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের ব্যবস্থা করতে চাই।’ ইউএনবি

