উচ্চশিক্ষা, গবেষণা, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক নেতৃত্ব গঠনে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ
তুরস্কের জাতীয় শিক্ষামন্ত্রীর উপদেষ্টা আতিক আগদা এবং আন্তর্জাতিক যুব সংগঠন আইওয়াইএফের (IYF) প্রেসিডেন্ট ইলমাজ বালচিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। এ সময় উচ্চশিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ, শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতার বিকাশ এবং আন্তর্জাতিক পরিসরে যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) তুরস্কে অবস্থিত আইওয়াইএফের কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। তুরস্ক সফররত ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতাদের এ সাক্ষাতে শিক্ষা, গবেষণা ও যুব উন্নয়নে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, উচ্চশিক্ষা ও গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম এবং আইওয়াইএফের কর্মকর্তারা।
মতবিনিময়ে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সুযোগ সম্প্রসারণ, শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনে উৎসাহিত করা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তৈরির বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে শিক্ষা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব নিয়েও মতবিনিময় করা হয়।
সাক্ষাৎ শেষে অতিথিরা আইওয়াইএফের কার্যালয় ঘুরে দেখেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উপহার বিনিময় হয়।

