বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা সাতটায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের বসুন্ধরার বাসায় যাবেন। বিএনপির মিডিয়া সেল থেকে এ খবর জানা গেছে।
সূত্র মতে, নির্বাচনের পর সৌজন্য সাক্ষাৎ করতে বিএনপি চেয়ারম্যান আমীরে জামায়াতের বাসায় যাচ্ছেন। এটাকে দলটি ইতিবাচক রাজনীতির সূচনা হিসেবেই দেখছে।
তারেক রহমান বিজয়ী দলের প্রধান হিসেবে প্রতিদ্বন্দ্বি দলের প্রধান ও বিরোধী দলের নেতার বাসায় সৌজন্য সাক্ষাতে যাবেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জাতিগঠনে ঐক্যবদ্ধ অবদান রাখতে চান। দেশের অগ্রযাত্রায় নান্দনিকতা সৃষ্টির প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।

এর আগে তারেক রহমান ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়েছিলেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে তারেক রহমান ও বিএনপি নেতাদের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান তিনি। পরে তিনি গুলশান কার্যালয়ে রাখা শোকবইয়ে স্বাক্ষর করেন।
সাক্ষাতের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের, মোবারক হোসেন, সাইফুল আলম খান মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

