বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে অপসারণ করে ওই পদে মো. মোস্তাকুর রহমানকে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদন যুক্ত করে এ সংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন। তার পক্ষে আবেদনকারী সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারোয়ার হোসেন বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।
আবেদনকারী বলেন, বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২–এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘন করে সরকার আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে অপসারণ করেছে। এই আইনের অধীনে বাংলাদেশ ব্যাংকের কোনো গভর্নর যদি অক্ষম বা অযোগ্য না হন, তাহলে তাকে পদ থেকে অপসারণ করা যায় না।
বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পরপরই আহসান এইচ মনসুরকে সরিয়ে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেয়। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত ২৫ ফেব্রুয়ারি পৃথক প্রজ্ঞাপন জারি করে। এতে আহসান এইচ মনসুরের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করার কথা জানানো হয়।
আরেক প্রজ্ঞাপনে নতুন গভর্নর নিয়োগের সিদ্ধান্ত জানিয়ে বলা হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ অনুযায়ী মো. মোস্তাকুর রহমানকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম–সম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁর যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ প্রদান করা হলো।
আবেদনকারীর আইনজীবী গণমাধ্যমের জানান, ইনক্যাপেবল (অক্ষম) ও ইনক্যাপাসিটি (শারীরিক–মানসিক অক্ষমতা) না হলে বাংলাদেশ ব্যাংকের গর্ভনরকে অপসারণ করা যায় না। আহসান এইচ মনসুরকে অপসারণ করে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ জনগণের প্রতি মিসট্রাস্ট (অনাস্থা)। তাই শুনানির জন্য আগামী সপ্তাহে হাইকোর্টে রিটটি উপস্থাপন করা হবে।

