কূটনীতিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার ঈদ শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কূটনৈতিক অঙ্গনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

শনিবার (২১ মার্চ ২০২৬) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা অংশ নেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, চীন, তুরস্ক, জার্মান, জাপান, কোরিয়া, ইটালি, ইন্ডিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, নেপাল, ভুটান, বেলজিয়াম, সিঙ্গাপুর, মায়ানমার, থাইল্যান্ড, ফিলিপাইন, সৌদি আরব, পাকিস্তান, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর, প্যালেস্টাইন, আলজেরিয়া, কসোভো, আলবেনিয়া, ব্রুনেই, মালদ্বীপ, শ্রীলংকা প্রভৃতি দেশের কূটনীতিকবৃন্দ এবং ইউএনডিপি, ইউনেস্কো, ইউনিসেফ-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন ডা. শফিকুর রহমান।

শুভেচ্ছা ও কুশল বিনিময় শেষে মেহমানদেরকে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের মাধ্যমে আপ্যায়নের ব্যবস্থা করা হয়। ডা. শফিকুর রহমান অতিথিদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উৎসবমুখর পরিবেশে কূটনীতিকদের সঙ্গে হাস্যরস ও খুনসুটিতেও মেতে উঠতে দেখা যায় বিরোধীদলীয় নেতাকে। পরে বাসভবন প্রাঙ্গণে একটি গাছ রোপণের মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তাও দেন তিনি।

এর আগে, সকালে রাজধানীর মিরপুরের ৬০ ফুট সড়ক-সংলগ্ন মনিপুর গার্লস হাই স্কুল মাঠে ঈদের নামাজ আদায় করেন সংসদে বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *