একটি জাতীয় পুনর্জন্মের আহ্বান
‘শিক্ষার মূল কাজ হচ্ছে ব্যক্তিকে গভীরভাবে ও সূক্ষ্মভাবে ভাবতে শেখানো। শিক্ষার মূল উদ্দেশ্যই হচ্ছে মেধা বিকাশ প্লাস চরিত্র গঠন।’ – মার্টিন লুথার কিং জুনিয়র
‘সেকেলে বুদ্ধিবৃত্তিক ধারণা হচ্ছে ক্ষমতার দাসত্ব। কিন্তু আমাদের এই ভুল ধারণার অপশৃঙ্খল ভঙ্গ করতে হবে।’ – নোয়াম চমস্কি
বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য অনেক সমৃদ্ধ। শত শত বছরব্যাপী এর ইতিহাস। বাংলা সালতানাতের গৌরবোজ্জ্বল অধ্যায় থেকে শুরু করে ব্রিটিশ ও ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এ দেশের আপামর জনতার বিদ্রোহ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে এই বঙ্গ অঞ্চল সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক গুরুত্বের একটি অপরিহার্য জায়গা দখল করে রয়েছে। কিন্তু এই বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য এ দেশের জনগণের
জন্য আজও পর্যন্ত দৃশ্যমান কোনো উপকারিতা বয়ে আনেনি কিংবা আনতে পারেনি। তা ছাড়া এসব বুদ্ধিবৃত্তিক সম্পদের একচ্ছত্র মালিকানাও সব সময় বাংলাদেশিদের হাতে থাকেনি।
এরপর আমরা যখন একবিংশ শতাব্দীতে এসে পড়লাম, তখন বাংলাদেশের সামনে আরও কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এসে উপস্থিত। এসবের মধ্যে রয়েছে রাজনৈতিক অস্থিরতা ও অস্থিতিশীলতা, শিক্ষাগত ত্রুটিবিচ্যুতি ও মানব মস্তিষ্ককে ধ্বংস করে দেওয়ার বিভিন্ন উদ্বেগজনক পাঁয়তারা। যদিও এই সময়ের মধ্যে বাংলাদেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন সাধন করেছে; তবুও এই সমস্ত চ্যালেঞ্জ এ দেশের সামগ্রিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে রেখেছে।
যাহোক, ২০২৪ এর জুলাইয়ে আমরা এক নতুন প্রজন্মকে দেখেছি। তারা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, পরিবর্তন সম্ভব। পরিবর্তিত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা এখন আর দুরাশা নয়। তাদের ঐক্যবদ্ধ আন্দোলনের বদৌলতে বাংলাদেশে এ দেশের ইতিহাসের সবচেয়ে স্বৈরাচারী শাসকের পতন ঘটেছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, কাজ এখানেই শেষ হয়ে যায়নি; বরং এই অভূতপূর্ব সফলতা ও অমিয় সম্ভাবনাকে আমাদের কার্যকরীভাবে কাজে লাগাতে হবে। একটি সমন্বিত প্রচেষ্টার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের পুনর্জন্ম ঘটাতে হবে। সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক,প্রযুক্তিগত ও বুদ্ধিবৃত্তিক এক পুনর্জাগরণ তৈরি করার মধ্য দিয়ে এ দেশের সমৃদ্ধ ইতিহাসকে আরও সমৃদ্ধ করতে হবে। পাশাপাশি বর্তমান বাংলাদেশের সামসময়িক চাহিদাগুলো নিয়েও কথা বলতে হবে আমাদের।

চলমান বাস্তবতা
আমরা দেখেছি, চীন ও ভারত কীভাবে ঔপনিবেশিক শাসনের ধ্বংসস্তূপ থেকে জেগে উঠেছে। বাংলাদেশও অবশ্য এই জেগে ওঠার জন্য যথেষ্ট সংগ্রাম করেছে। কিন্তু বেশ কিছু কারণে এই জেগে ওঠাকে পরিপূর্ণ সফলতা আখ্যা দেওয়া যায় না। কারণ, এ দেশের শিক্ষাব্যবস্থায় এখনও ঔপনিবেশিক ধাঁচ স্পষ্ট। বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় সৃজনশীলতা, সূক্ষ্ম চিন্তার অনুশীলন এবং বাস্তবভিত্তিক জীবন দক্ষতার গুরুত্ব এখনও অনুপস্থিত। রাজনৈতিক হস্তক্ষেপ দ্বারা সরাসরি প্রভাবিত আমাদের বিশ্ববিদ্যালয়গুলো। ফলে এসব জায়গা থেকে দেশের উন্নতি ও অগ্রগতির জন্য প্রয়োজনীয় বুদ্ধিবৃত্তিক রসদ উৎপাদন হচ্ছে না। তা ছাড়া বর্তমানে হাজার হাজার বাংলাদেশি যুবকের একমাত্র স্বপ্ন হচ্ছে, দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমানো। এ দেশে কর্মসংস্থানের অভাব এবং নিজেদের অযোগ্যতার বাস্তব অনুভূতি তাদের ভিন্নদেশমুখী করে রেখেছে।
ফলে বাংলাদেশ থেকে μমেই হ্রাস পাচ্ছে যুবকদের কর্ম ও মেধাশক্তি। এ দেশের সরকারব্যবস্থা দুর্বল। নাগরিক সমাজ শতধা বিভাজনে বিভক্ত হয়ে আছে। এ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট আরও ভয়াবহ। রাজনীতিকে এ অঞ্চলের মানুষ কখনো ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করে, আবার কখনো দলগত স্বার্থ উদ্ধারে কাজে লাগায়। কিন্তু রাজনীতিকে ব্যবহার করে জাতীয় স্বার্থসিদ্ধির কথা কখনো ভাবে না। এ দেশের বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক অঙ্গন মুষ্টিমেয় কিছু সেক্যুলার অভিজাত শ্রেণির মানুষের তালুবদ্ধ। তারা এ দুটি অঙ্গন নিয়ে যেভাবে ইচ্ছা সেভাবে খেলছে। দুর্নীতি এ দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। ফলে অভিজাত শ্রেণি থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত নৈতিক অবক্ষয় জনজীবনকে পর্যুদস্ত করছে।
এত সব চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও কিছু কিছু প্রাইভেট সেক্টর সত্যিকার অর্থেই প্রশংসনীয় ভূমিকা পালন করতে পেরেছে। তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সার্বিক অগ্রগতি নিয়ে এতটাই কাজ করেছে যে, কোনো কোনো ক্ষেত্রে তারা পার্শ্ববর্তী দেশসমূহকেও টপকে গেছে। তবে এসব উন্নয়ন সাধন করা যতটা জরুরি, ঠিক ততটাই জরুরি হচ্ছে এগুলোকে ধরে রাখা; কিন্তু এখানেই যত অনিশ্চয়তা। এ দেশের উন্নয়নের স্থিতিশীলতা নেই। উন্নয়ন ও অগ্রগতিমূলক কর্মকাণ্ড প্রায়শই ভঙ্গুর রাজনৈতিক ব্যবস্থা ও দুর্বল অবকাঠামোর দ্বারা বাধাগ্রস্ত হয়। এই অঞ্চলে ধনী আর গরিবের মধ্যকার ফারাক দিনদিন আরও বৃদ্ধি পাচ্ছে। দুর্নীতির পরিধি আরও বিস্তৃত হচ্ছে। ফলে দেশের প্রতিটি শাখা- উপশাখায় কালো অর্থনীতি জেঁকে বসেছে।
বুদ্ধিবৃত্তিক পুনর্জাগরণের প্রয়োজনীয়তা
এই মুহূর্তে বাংলাদেশের যা যা প্রয়োজন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বুদ্ধিবৃত্তিক পুনর্জাগরণ। এমন একটি জ্ঞানভিত্তিক বিপ্লব এ দেশে প্রয়োজন, যার হাত ধরে এই অঞ্চলের শত বছরের শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্য আবারও জেগে উঠবে। এ দেশের হারিয়ে যাওয়া ধর্মীয় চেতনা ও ঐতিহ্য পুনরায় নিজের পরিচয় জানান দেবে। তবে মনে রাখতে হবে, এই পুনর্জাগরণের পেছনে শুধু গুটিকয়েক ব্যক্তি কিংবা সংগঠন কাজ করলে হবে না; বরং এটি হতে হবে একটি অন্তর্ভুক্তিমূলক ব্যাপক কর্মযজ্ঞ। যেখানে দেশের অধিকাংশ জনগণ সামগ্রিকভাবে অংশগ্রহণ করবে এবং জাতির বুদ্ধিবৃত্তিক রসদ জোগান দিতে সর্বস্ব দিয়ে প্রচেষ্টা চালাবে।
এ দেশে সফল ও মেধাবী মানুষ যে একেবারে নেই, তা নয়; বরং কিছু দুর্দান্ত মেধাবী ও সফল মানুষ আমাদের দেশে আছে। তবে তারা বিভিন্ন সেক্টরে ছড়িয়ে আছে। সামাজিক সংশ্লিষ্টতার অভাবে তাদের মানুষ চেনে না। আর না চেনার কারণে তাদের সাহায্য ও সমর্থনে দেশের মানুষ কাজও করতে পারে না। আমরা কখনো কখনো আসাবিয়্যা তথা গোত্রপ্রীতিকে নেতিবাচক দৃষ্টিতে দেখি। তবে একটি অঞ্চলের মানুষকে ঐক্যবদ্ধ ও একীভূত করে তোলার ক্ষেত্রে এই জিনিসের বিকল্প নেই। দেশের প্রতিটি মানুষের মধ্যে যদি দেশপ্রেম ও ভালোবাসা থাকে, তবে সহজেই একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করা সম্ভব।
একদিকে এ দেশের মানুষ নৈতিক মূল্যবোধ ও আধ্যাত্মিক পথনির্দেশনা দ্বারা পরিচালিত হবে, অন্যদিকে স্বজনপ্রীতির চেতনা এ দেশের প্রতিটি মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা জন্ম দেবে। এতে করে সর্বসাকুল্যে এগিয়ে যাবে আমাদের দেশ এবং বিদেশি কোনো ফরমুলা উড়ে এসে জুড়ে বসে দেশের অভ্যন্তরে কোনো ধরনের ধ্বংসযজ্ঞ চালাতে পারবে না।
পারিবারিক মূল্যবোধ, উদারতা ও সরলতা বাংলাদেশিদের একটি সহজাত ঐতিহ্য। এগুলোর এক গৌরবোজ্জ্বল ইতিহাস আমাদের আছে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, আধুনিক সময়কার বুদ্ধিবৃত্তিক স্থবিরতা এবং সামাজিক-রাজনৈতিক বিপর্যয় আমাদের অবাঞ্ছিত চারিত্রিক বৈশিষ্ট্য ধারণ করতে তাড়িত করছে। ফলে আমাদের মধ্যে জন্ম নিয়েছে পারস্পরিক হিংসা, বিদ্বেষ ও অদূরপ্রসারী চিন্তাভাবনা। তবে আফসোসের বিষয় হলেও এগুলোকে যে কোনোভাবে বদলানো যাবে না, তা নয়; বরং একটি গঠনমূলক ও ইতিবাচক পরিবেশ পেলে এই ধরনের নেতিবাচক বৈশিষ্ট্যগুলোকে সহজেই শক্তিতে রূপান্তরিত করা সম্ভব।
মানসিকতাকে ঔপনিবেশিকতা থেকে মুক্ত করা
ইউরোপীয় রেনেসাঁস আমাদের কিছুটা হলেও স্থবিরতা থেকে মুক্তি দিয়েছে; এবং এর মধ্য দিয়ে কিছু অভূতপূর্ব বৈষয়িক সফলতা আমরা দেখেছি। কিন্তু এখানে নৈতিক ও আদর্শিক চর্চা না থাকায় এর পরিপূর্ণ সুফল আমরা ভোগ করতে পারিনি। এতে উলটো হিতে বিপরীত হয়েছে। এই অঞ্চলের ইতিহাসে যোগ হয়েছে নৃশংসতার এক বর্বর চিত্র। সুতরাং বর্তমান বাংলাদেশকে এগুলো
থেকে শিক্ষা অর্জন করতে হবে। নিজেদের নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধকে কোনোμমে বিসর্জন না দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। আমরা চাই, এ দেশের মানুষ দেশ ও জাতির উন্নয়নে কাজ করুক। এগিয়ে যাক আমাদের দেশ। কিন্তু এই অগ্রগতি যেন নৈতিকতা ও আধ্যাত্মিক মূল্যবোধকে বিসর্জন দিয়ে না হয়।
এ বিষয়টি নিশ্চিত করতে হলে বাংলাদেশকে একটি স্থায়ি ও ফলপ্রসূ কর্মপন্থা অবলম্বন করতে হবে। একই সাথে শিক্ষাব্যবস্থার সংস্কার ঘটাতে হবে সাথে সাথে এ দেশের মেধাশক্তিকে গবেষণা ও সামগ্রিক কর্মকাণ্ডে অ্যাঙ্গেজ করার যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এর জন্য প্রথমে প্রয়োজন গোষ্ঠীগত ও দলগত স্বার্থের ঊর্ধ্বে উঠে আসা। আমাদের প্রতিটি উন্নয়ন ও অগ্রগতিমূলক
কাজের মূল ফোকাস থাকবে গোটা সমাজ ও দেশ। এভাবে করে আমরা যদি প্রতিটি সেক্টরে দেশ ও জাতি গঠনের বীজ বপন করতে পারি, তবে একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক পুনর্জাগরণ অসম্ভব কিছু নয়।
পরিবর্তনের বীজ বপন
একটি জাতির আত্মমর্যাদা ও ইতিবাচক প্রভাবের সূচনা ঘটে এর বুদ্ধিবৃত্তিক রসদ ও জাতীয় চারিত্রিক বৈশিষ্ট্যের হাত ধরে। আমাদের ভুলে গেলে চলবে না, জনগণ ও সামগ্রিকভাবে জাতির অভ্যন্তরে শ্রেষ্ঠত্বের প্রধান মানদণ্ড হচ্ছে জ্ঞান। সোজা কথায়, জ্ঞানের ভিত্তিতেই নির্ণয় করা হবে শ্রেষ্ঠত্বের বিচারে কে কার থেকে কতটা ওপরে অবস্থান করছে। মোঙ্গলরা একসময় মুসলিম বিশ্বের জ্ঞান শক্তিকে ধ্বংস করে দিতে চেয়েছিল এবং এ কাজে তারা বেশ অগ্রসরও হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে তারা বুঝতে পারে, নিজেদের এগিয়ে নিতে হলে মুসলিম বিশ্বের জ্ঞানভান্ডার থেকে ফায়দা লোটার বিকল্প নেই। কাজেই তারা কিন্তু মুসলিম বিশ্বের জ্ঞানের এই
শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দিয়ে বরণ করে নিয়েছিল। একইভাবে বাংলাদেশকেও বুদ্ধিবৃত্তি ও মেধাভিত্তিক নেতৃত্বের ক্ষমতাকে স্বীকৃতি দিতে হবে।
জ্ঞান অর্জনের এই যাত্রা কিন্তু যার যার ঘর থেকেই শুরু হয়। পিতা-মাতা ও শিক্ষক-শিক্ষিকাকে মাথায় রাখতে হবে, তারা পরবর্তী প্রজন্মকে গড়ে তোলার মহৎ দায়িত্ব হাতে নিয়েছেন। তাদের হাত ধরেই আমাদের পরবর্তী প্রজন্ম জ্ঞানবান, আত্মবিশ্বাসী ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠবে। বিদ্যালয় ও সামাজিক পরিসরে শিশু শিক্ষার ওপর বিনিয়োগ বাড়াতে হবে এবং এটা অতীব জরুরি। আবার খেয়াল রাখতে হবে, আমরা যেন আমাদের পরবর্তী প্রজন্মকে শুধু বইয়ের পাতার মধ্যে সীমাবদ্ধ করে না রাখি; বরং পুস্তকনির্ভর জ্ঞান প্রদানের পাশাপাশি তাদের সামাজিক ও জীবন দক্ষতার বিষয়গুলো আত্মস্থ করিয়ে দিতে হবে। এতে করে তারা আরও বেশি শক্তিশালী, বাস্তবমুখী ও সমাজ-সংশ্লিষ্ট জনশক্তি হিসেবে গড়ে উঠবে।
দেশ ও জাতির ভাগ্যোন্নয়নের এই মহতী কাজে যার অংশগ্রহণ করবে, তাদের অবশ্যই মনে রাখতে হবে, তারা তাদের প্রতিটি চেষ্টা-প্রচেষ্টায় পূর্ণাঙ্গতা নিয়ে আসবে। শিক্ষাদীক্ষা, গবেষণামূলক কাজ, শিল্প ও সংস্কৃতি ইত্যাদি প্রতিটি কাজেই পূর্ণাঙ্গতা প্রয়োজন। আরবিতে এই পূর্ণাঙ্গতা বা উৎকৃষ্টতাকে ইহসান বলা হয়। এই ইহসানকে আমাদের জাতীয় গুরুত্বের জায়গায় স্থান দিতে হবে।
এবং এটিকে পুঁজি করেই দেশকে নিয়ে যেতে হবে আরও উচ্চে, আরও পূর্ণাঙ্গ প্রাপ্তির পরিসরে।
প্রবাসী জনগোষ্ঠীর ভূমিকা
এই পুনর্জাগরণে যে শুধু দেশীয় জনগণেরই ভূমিকা থাকবে তা নয়; বরং বিদেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসী জনগোষ্ঠীকেও এই পুনর্জাগরণে নিজ নিজ ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে পশ্চিমা দেশসমূহে বসবাসরত বাংলাদেশি জনগোষ্ঠীÑযারা শিক্ষাদীক্ষা, পেশা, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধন করেছে, তাদের অবশ্যই দেশ নিয়ে ভাবতে হবে। তারা
বাংলাদেশেরই সম্পদ। সুতরাং এ দেশের ভবিষ্যৎ গঠনে তাদেরও স্থায়িভাবে অংশ নিতে হবে।
এ কথা সত্য যে, আমাদের যুব সম্প্রদায় প্রায়ই বিভিন্ন পরিস্থিতির কারণে তাদের মূলকে ভুলে যায়। তবে এই সমস্যার সমাধান করা অসম্ভব নয়। আমরা যদি তাদের জন্য আরও ভালো সুযোগ তৈরি করতে পারি এবং তাদের মধ্যে শেকড়কে ধারণ করার চেতনা তৈরি করে দিতে পারি, তবে দেশে-বিদেশে বসবাসরত বাংলাদেশের এই যুবশক্তিকে সুচারুরূপে কাজে লাগানো সম্ভব। বিশেষ করে বিদেশের মাটিতে অর্জিত তাদের যে দক্ষতা এবং অভিজ্ঞতা, এগুলোকে কাজে লাগাতে পারলে আমাদের জাতীয় পুনর্জাগরণের
কাজ অনেকটাই বেগবান হবে।
জাতীয় পুনর্জাগরণের কর্মপরিকল্পনা
সময় যত চ্যালেঞ্জিং হয়, নেতৃত্ব ততটাই মজবুত হতে হয়। আমাদের মনে রাখতে হবে, জাতীয় পুনর্জাগরণ একটি দীর্ঘস্থায়ী কৌশলগত প্রজেক্ট। এটিকে বাস্তবায়ন করতে হলে দেশপ্রেমিক বাংলাদেশি জনগোষ্ঠীর সম্মিলিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নেই। সুতরাং চ্যালেঞ্জিং এই সময়ে কিছু সাহসী, উদ্যমী ও উদ্ভাবনী দক্ষতাসম্পন্ন জনশক্তিকে নেতৃত্বের কাতারে চলে আসতে হবে এবং সুমুখপানে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যত বাধা তৈরি হয়, সেগুলোকে কাটিয়ে ওঠার যথেষ্ট কৌশল ও হিম্মত রাখতে হবে।
একসঙ্গে রাতারাতি পুনর্জাগরণ ঘটিয়ে ফেলা সম্ভব নয়। এজন্য শুরুতে অল্প অল্প করে সুস্থির ও দৃঢ় গতিতে এগিয়ে যেতে হবে। ছোটো ছোটো সফলতাকে জমা করতে করতে একদিন সাফল্যের এক বিশাল স্তূপ তৈরি হবে আমাদের সামনে। এজন্য যারা নেতৃত্বের জায়গায় আছেন, তাদের নিজেদের অনুকরণীয় ও অনুসরণীয় আদর্শে পরিণত করার কোনো বিকল্প নেই। পাশাপাশি তারা
দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা জনশক্তির মধ্যে একটি শক্তিশালী নেটওয়ার্ক স্থাপন করবেন, জাতির ছোটো ছোটো অর্জনগুলোকে ঘটা করে উদ্যাপন করবেন। এভাবে করে একটু একটু করে সফলতার পথে আমরা ঠিকই এগিয়ে যাব। আমরা ইহসান১ তথা যেকোনো কাজে উৎকৃষ্টতা অর্জনের গুরুত্ব সম্পর্কে বলেছি। এটিকে আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ জায়গায়
নিয়ে আসতে হবে। সাথে সাথে নতুন নতুন উদ্ভাবন এবং চলমান উন্নতি-অগ্রগতির ধারা বজায় রাখাও জরুরি। (১. কোনো কাজ সর্বোচ্চ সৌন্দর্য, নিষ্ঠা, আন্তরিকতা ও উৎকর্ষের সঙ্গে করা এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মানুষের সঙ্গে উত্তম আচরণ করা।)
যেকোনো কাজে সফলতা অর্জনের ক্ষেত্রে স্বপ্ন দেখা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং বাংলাদেশকেও তার ভবিষ্যৎ নিয়ে ইতিবাচকভাবে ভাবতে হবে, স্বপ্ন দেখতে হবে। আমরা সবাই মিলে এমন এক বাংলাদেশ গড়ে তুলতে চাই, যা এর সমৃদ্ধ ইতিহাসের ধারা চলমান রাখবে। পাশাপাশি বুদ্ধিবৃত্তিক রসদকে পুঁজি করে জাতীয় অর্থনীতির উন্নয়ন, উদ্ভাবন, আবিষ্কার এবং সামাজিক সর্বাঙ্গীণ কল্যাণ অব্যাহত রাখতে হবে। দেশকে এগিয়ে নেওয়ার এই স্বপ্ন তখনই বাস্তবায়ন হবে, যখন আমরা ক্ষমতার রাজনীতিকে নৈতিকতার রাজনীতিতে রূপান্তর করতে পারব। সরকার ও সরকারি প্রতিষ্ঠানগুলোকে যখন জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যাবে, এবং আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে যে বা যারা কাজ করে যাচ্ছেন, তাদের ব্যক্তিগত দক্ষতা নিশ্চিত করা যাবে। এই জায়গাগুলোতে কাজ করা ছাড়া আমরা আমাদের সাফল্যের এই স্বপ্নকে কখনোই বাস্তবে দেখতে পারব না।
বস্তুত শুধু বাংলাদেশ নয়; সারা বিশ্বই বর্তমানে দুটি প্রধান সমস্যায় ভুগছে : একটি বৈশ্বিক উষ্ণতা, আরেকটি রাজনৈতিক বিদ্বেষের ছড়াছড়ি। এই দুটি ভাইরাস বিশ্বের সামগ্রিক অবকাঠামোকে ভীষণভাবে হুমকির মুখে রেখেছে। বাংলাদেশও এই হুমকির বাইরে নয়। কাজেই আমরা যদি আমাদের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনপূর্ব গৌরবের ধারা অব্যাহত রাখতে চাই এবং একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই, তবে শুধু জাতীয়ভাবে ভেবে বসে থাকলে চলবে না; বরং আমাদের ভাবনার পরিধিকে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত বিস্তৃত করতে হবে। নিজেদের কর্মপরিকল্পনাকে বাস্তবায়ন করতে হলে কৌশলে এগিয়ে যেতে হবে এবং কাজ করার ক্ষেত্রে জাতীয় স্বার্থকে সর্বদা প্রাধান্যের জায়গায় রাখতে হবে। যারা জাতির ভাগ্যোন্নয়নে কাজ করবেন, তাদের সৃজনশীল হতে হবে অবশ্যই।
তাদের মধ্যে থাকতে হবে এক ব্যতিμমধর্মী কর্মস্পৃহা, আন্তরিকতা ও দৃঢ়তা। এইসব মিলিয়ে তারা বাংলাদেশের ভঙ্গুর পরিচিতিকে মুছে ফেলে দিয়ে বিশ্বদরবারে নতুন করে এক বাংলাদেশকে পরিচয় করিয়ে দেবে, যেটি হবে উন্নত ও স্বনির্ভরশীল এক জাতিসত্তা দিয়ে গঠিত।
পিতা-মাতা, শিক্ষক মণ্ডল, পণ্ডিত ব্যক্তিত্ব এবং সামাজিক নেতৃবৃন্দ সকলে মিলে তৃণমূল পর্যায় থেকে একটি আত্মবিশ্বাসী, দেশপ্রেমী ও সর্বেসর্বা ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার সম্মিলিত প্রচেষ্টা চালাবেন। আমরা যদি আমাদের শিক্ষাব্যবস্থার উন্নয়ন ঘটাতে পারি, তবে আমাদের ছাত্র সমাজের মধ্যে পড়ার অভ্যাস গড়ে উঠবে। তারা সৃজনশীল ভাবে ভাবতে পারবে। নিজেদের
মধ্যকার যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফায়দা, সেটি হচ্ছে সকলের মধ্যে ঐক্যের চেতনা তৈরি হবে। প্রত্যেকে একটি অভিন্ন পরিচয় তথা বাংলাদেশি পরিচয় ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মিশন নিয়ে কাজ করবে।
আমরা দেখেছি, আমাদের আশপাশের বিভিন্ন দেশ এই ঔপনিবেশিক শৃঙ্খল থেকে নিজেদের মুক্ত করে কত চমৎকারভাবে স্বনির্ভরশীল হয়ে দাঁড়িয়ে গেছে।
আমি বিশ্বাস করি, বাংলাদেশেরও সেই সক্ষমতা ও সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে শুধু প্রয়োজন একটি বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক ও নৈতিক পুনর্জাগরণ। এসবের মধ্য দিয়ে বাংলাদেশেও একদিন স্বনির্ভরশীল দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তবে এজন্য আমাদের এখন থেকেই কাজ শুরু করে দিতে হবে। সময় কিন্তু চলে এসেছে। এখনই সঠিক নেতৃত্ব ও সম্মিলিত ইচ্ছাশক্তির মধ্য দিয়ে বাংলাদেশের মধ্যে ভোগের সংস্কৃতি বাদ দিয়ে ত্যাগের সংস্কৃতি গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করতে হবে। এক্ষেত্রে আমরা আল্লাহর রাসূল সা.-এর একটি চমৎকার হাদিস সামনে রাখতে পারি। তিনি বলেছেন, ‘নিচের হাতের চাইতে ওপরের হাত উত্তম। ওপরের হাত হচ্ছে সেই হাত, যেটি দেয়। আর নিচের হাত সর্বদা গ্রহণ করে।’ (ধারাবাহিক চলবে)
ড. মুহাম্মাদ আবদুল বারী ব্রিটিশ বাংলাদেশি শিক্ষাবিদ, গ্রন্থকার ও প্যারেনটিং কনসালটেন্ট

