সাঈদ চৌধুরী:
বিলেতে বাংলা সংবাদপত্র ও সাংবাদিকতার শতবর্ষের গৌরবময় ইতিহাস সংরক্ষণ করে তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ১২ মাসব্যাপী এক ব্যতিক্রমী জাতীয় ঐতিহ্য প্রকল্প হাতে নিয়েছে দাতব্য সংস্থা ইস্টহ্যান্ডস। দ্য ন্যাশনাল লটারি হেরিটেজ ফান্ডের সহায়তা এবং স্থানীয় ব্যবসায়ী অংশীদারদের সহযোগিতায় বাস্তবায়িত হতে যাচ্ছে এই উদ্যোগ। গবেষণা, ঐতিহাসিক দলিল সংগ্রহ, ডিজিটাল সংরক্ষণ ও প্রামাণ্যচিত্র নির্মাণের মাধ্যমে বিলেতে বাংলা গণমাধ্যমের বিস্মৃতপ্রায় ইতিহাসকে নতুনভাবে তুলে ধরাই এ প্রকল্পের লক্ষ্য।

গত শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় লন্ডন বাংলা প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রকল্পটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এ সময় মহা পরিকল্পনার লক্ষ্য এবং তা বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকেরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইস্টহ্যান্ডসের চেয়ারম্যান এবং সাপ্তাহিক জনমতের দীর্ঘদিনের সাবেক সম্পাদক নবাব উদ্দিন। এরপর প্রকল্পের বিস্তারিত তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন ইস্টহ্যান্ডসের ঐতিহ্য ও গবেষণা সমন্বয়কারী সাংবাদিক সাঈম চৌধুরী।
লিখিত বক্তব্যে বলা হয়, যুক্তরাজ্যে বাংলা সংবাদপত্রের ইতিহাস কেবল সাম্প্রতিক কয়েক দশকের নয়, এর শিকড় বিস্তৃত এক শতাব্দীরও বেশি সময়জুড়ে। প্রাথমিক অনুসন্ধানে ১৯১৬ সালে প্রকাশিত ‘সত্যবাণী’কে এ ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভিত্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
দীর্ঘ এই পথপরিক্রমায় বিলেতে বাংলা সংবাদপত্র শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম হিসেবে কাজ করেনি, বরং প্রবাসী বাঙালির অভিবাসন, অধিকার আদায়ের সংগ্রাম, বর্ণবাদবিরোধী আন্দোলন, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশ এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি ও ইতিহাস ধারণ করেছে। প্রজন্ম থেকে প্রজন্মের ভাষা, সংস্কৃতি, আত্মপরিচয় ও কমিউনিটির বিকাশের সাক্ষী হয়ে রয়েছে এসব সংবাদপত্র।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই মূল্যবান ইতিহাসের বড় একটি অংশ হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পুরোনো সংবাদপত্র, ছবি, চিঠিপত্র, প্রকাশনা সংক্রান্ত নথি ও অন্যান্য ঐতিহাসিক উপকরণ ছড়িয়ে রয়েছে বহু ব্যক্তি ও পরিবারের সংগ্রহে। যথাযথ সংরক্ষণের অভাবে অনেক মূল্যবান দলিল নষ্ট হচ্ছে। একই সঙ্গে প্রবীণ সাংবাদিক, সম্পাদক, প্রকাশক ও পাঠকদের স্মৃতিতে থাকা গুরুত্বপূর্ণ তথ্যও চিরতরে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।
এই বাস্তবতা বিবেচনায় নিয়েই ইস্টহ্যান্ডসের উদ্যোগে শুরু হচ্ছে ইতিহাস অনুসন্ধান, সংগ্রহ, যাচাই ও সংরক্ষণের এই সমন্বিত কর্মসূচি।
সংবাদ সম্মেলনে ভিডিও উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক সাংবাদিক আ স ম মাসুম। তিনি জানান, ছয়টি প্রধান কার্যক্রমের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
পরিকল্পনার মধ্যে রয়েছে বিলেতে বাংলা সংবাদপত্র ও সাংবাদিকতার ইতিহাস নিয়ে গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ গ্রন্থ প্রকাশ এবং বিশ্বজুড়ে গবেষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে ব্যবহারযোগ্য একটি উন্মুক্ত ডিজিটাল আর্কাইভ গড়ে তোলা।
এ ছাড়া বাংলা গণমাধ্যমের প্রবীণ অগ্রদূত, সম্পাদক ও প্রকাশকদের জীবন, সংগ্রাম ও অবদান নিয়ে নির্মাণ করা হবে প্রামাণ্যচিত্র। প্রবীণ সাংবাদিক, সংবাদপত্র সংশ্লিষ্ট ব্যক্তিত্ব ও পাঠকদের অভিজ্ঞতা, স্মৃতি এবং মূল্যবান বক্তব্য ধারণ করা হবে মৌখিক ইতিহাস প্রকল্পের আওতায়।
সংগৃহীত ঐতিহাসিক সংবাদপত্র, নথিপত্র ও অন্যান্য উপকরণের দীর্ঘমেয়াদি ও স্থায়ী সংরক্ষণের লক্ষ্যে সেগুলো টাওয়ার হ্যামলেটস লোকাল হিস্ট্রি লাইব্রেরি অ্যান্ড আর্কাইভসে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি গবেষণা ও সংগ্রহের ফলাফল বৃহত্তর জনগোষ্ঠীর সামনে তুলে ধরতে লন্ডন ও বার্মিংহামে দুটি প্রদর্শনী এবং ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইস্টহ্যান্ডসের ট্রাস্টি বাবলুল হক। প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, বিবিসির সাংবাদিক মোয়াজ্জেম হোসেন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি তারেক চৌধুরী, সাংবাদিক মাহবুব রহমান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ জুবায়ের, ‘দেশ’ সম্পাদক তাইসির মাহমুদ, কবি ও ভ্রমণকাহিনি লেখক দিলু নাসের এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আকরামুল হক।
প্রশ্নোত্তর পর্বে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে পরামর্শ ও মতামত দেন সাংবাদিক রহমত আলী, আজিজুল আম্বিয়া, আফজাল হোসেন, আলাউর রহমান শাহীন, এনাম চৌধুরী, সাজু আহমদ ও জয়নাল আবেদীন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইস্টহ্যান্ডস চ্যারিটির আহাদ চৌধুরী বাবু, পলি রহমান, সালেহ আহমদ, হাসনাত চৌধুরী ও মোহাম্মদ কিনু।
আয়োজকেরা বলেন, ডিজিটাল গণমাধ্যম ও মোবাইল সাংবাদিকতার দ্রুত প্রসারের এই সময়ে অতীতের সংবাদপত্র ও সাংবাদিকতার ইতিহাস সংরক্ষণ শুধু একটি প্রজন্মের স্মৃতি রক্ষার বিষয় নয়, এটি বাঙালি কমিউনিটির আত্মপরিচয়, সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিকড়ের সঙ্গে পরিচিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
তাঁদের মতে, বিলেতে বাংলা সংবাদপত্রের ইতিহাসের প্রতিটি পৃষ্ঠা প্রবাসী বাঙালির সংগ্রাম, সাফল্য, স্বপ্ন ও অর্জনের একেকটি দলিল। সেই ইতিহাস যথাযথভাবে সংরক্ষণ করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম নিজেদের অতীত সম্পর্কে জানার পাশাপাশি গবেষণা ও জ্ঞানচর্চার জন্যও একটি নির্ভরযোগ্য সম্পদ পাবে।
প্রকল্পের গবেষণা, ঐতিহাসিক উপকরণ সংগ্রহ, ডিজিটাল আর্কাইভ গড়ে তোলা এবং প্রামাণ্যচিত্র নির্মাণের কাজে স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত হওয়ার জন্য আগ্রহীদের প্রতি আহ্বান জানিয়েছে ইস্টহ্যান্ডস।
একই সঙ্গে ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানের সংগ্রহে থাকা পুরোনো বাংলা সংবাদপত্র, ছবি, চিঠিপত্র, স্মারক, প্রকাশনা সংক্রান্ত নথি কিংবা গবেষণার কাজে সহায়ক হতে পারে— এমন যেকোনো ঐতিহাসিক উপকরণ দিয়ে সহযোগিতার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
ইস্টহ্যান্ডসের প্রত্যাশা, সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতার মধ্য দিয়ে বিলেতে বাংলা সাংবাদিকতার শতবর্ষের এই সমৃদ্ধ ইতিহাস শুধু অতীতের স্মারক হয়ে থাকবে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য হয়ে উঠবে এক অমূল্য ঐতিহাসিক সম্পদ।
* সাঈদ চৌধুরী দৈনিক সময় ও মানব টিভি সম্পাদক, কবি ও কথাসাহিত্যিক

