লন্ডনে সংলাপ ফ্রন্ট আয়োজিত নোমান আযমীর একক সংগীত সন্ধ্যায় সুরের মূর্ছনায় প্রাণের স্পন্দন

প্রবাসী যুক্তরাজ্য শিল্প-সংস্কৃতি সাম্প্রতিক
শেয়ার করুন

লন্ডনে সংলাপ সাহিত্য-সংস্কৃতি ফ্রন্টের উদ্যোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী নোমান আযমীর একক সংগীত সন্ধ্যায় সুরের মূর্ছনায় সৃষ্টি হয় প্রাণের স্পন্দন। ১৪ অক্টোবর বুধবার ইস্ট লন্ডনের বারাকা ইটারিতে আয়োজিত অনুষ্ঠানে শিল্পীর সুরেলা পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন। সংগীতের আবহে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উপভোগ্য।

নোমান আযমী বাংলাদেশের শীর্ষস্থানীয় সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক পরিচালক এবং বিপরীত উচ্চারণ সাহিত্য সংসদ ঢাকার সাবেক পরিচালক। বর্তমানে সংলাপ সাহিত্য-সংস্কৃতি ফ্রন্টের সিনিয়র ভাইস-চেয়ারম্যান এবং সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি) ইউরোপের কো-কনভেনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংলাপ সাহিত্য-সংস্কৃতি ফ্রন্টের চেয়ারম্যান, সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি) ইউরোপের কনভেনার, সাংবাদিক, কবি ও কথাসাহিত্যিক সাঈদ চৌধুরী। যুক্তরাজ্যের শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রাণবন্ত অনুষ্ঠান আয়োজনের জন্য খ্যাতিমান শিল্পীরা সংলাপ ফ্রন্টের ভূয়সী প্রশংসা করেন। এ ধরনের আয়োজন প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার ধারাকে আরও সমৃদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আলোচকরা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তাঁরা নোমান আযমীর সংগীত প্রতিভার প্রতি মুগ্ধতা জ্ঞাপন করেন। একজন সাংস্কৃতিক সংগঠক ও মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে তাঁর অবদানের কথা উল্লেখ করে তাঁরা শিল্পীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন।

আলোচনায় অংশ নিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন সংলাপ সাহিত্য-সংস্কৃতি ফ্রন্টের ভাইস চেয়ারম্যান, রাজশাহী বিশ্ববিদ্যালেয়র সাবেক ছাত্রনেতা আব্দুল লতিফ, সংলাপ সাহিত্য-সংস্কৃতি ফ্রন্টের সেক্রেটারি জেনারেল, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক বদরুজ্জামান বাবুল, মেসেজ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক, বিলেতের খ্যাতিমান সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার শহীদ ফালাহী, জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী এইচ এল বান্না, বৃটেনে মূলধারার কণ্ঠশিল্পী ও সুরকার, দেশব্যাপী গানের অনুষ্ঠান সেরা কণ্ঠ প্রতিযোগিতার রানার্স আপ শরীফ ইসলাম, বিলেতের প্রথম ইসলামী সাংস্কৃতিক সংগঠন উত্তরণ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য, জনপ্রিয় সংগীত সংগঠন মেসেজ কালচারাল গ্রুপের প্রাক্তন পরিচালক মুহিব রহমানী।

কমিউনিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানান ব্রিটিশ পার্লামেন্টের আইনজীবী এবং শিল্পী ও সাংস্কৃতিক কর্মী ব্যারিস্টার সাব্বির আহমদ, সফল উদ্যোক্তা ও সাংস্কৃতিক অঙ্গনের সৃজনশীল কর্মী মুখলেসুর রহমান শামীম, সাংস্কৃতিক অঙ্গনের পৃষ্ঠপোষক ও টিভি আলোচক ব্যারিস্টার আমিন চৌধুরী, সাবেক ছাত্রনেতা ও লেখক আব্দুল্লাহ আল মুনিম, কেটিভি২৪ অনলাইন টিভি চ্যানেলের প্রতিষ্ঠাতা ও সিইও সৈয়দ মাসুক, পূর্ব লন্ডনে সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, ডট প্রিন্টের সত্বাধিকারী রফিকুল ইসলাম এমদাদ, প্রাক্তন ছাত্রনেতা, সফল ব্যবসায়ী ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষক আনোয়ার হোসেন শাওন, ব্যবসায়ী ও সমাজসেবী জলিল মিয়া, সাপ্তাহিক ইউেরা বাংলার পরিচালক ও বারাকা ইটারির ম্যানেজিং ডাইরেক্টর ইসলাম উদ্দিন প্রমুখ।

কণ্ঠশিল্পী নোমান আযমীর একক সংগীত সন্ধ্যার আয়োজক এবং অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথির প্রতি পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমীর জ্যেষ্ঠ পুত্র নায়েফ আযমী।

নোমান আযমীর সুরেলা পরিবেশনা, শিল্পী-সাহিত্যিকদের আন্তরিক উপস্থিতি এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভালোবাসায় অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মরণীয় এক সাংস্কৃতিক আয়োজন। সুরের মূর্ছনায় মুগ্ধতা ছড়িয়ে এবং বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি গভীর অনুরাগের বার্তা নিয়ে শেষ হয় এই মনোজ্ঞ সংগীত সন্ধ্যা।

সংলাপ সাহিত্য-সংস্কৃতি ফ্রন্টের এমন উদ্যোগ প্রবাসে বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতির বিকাশে নতুন প্রাণের সঞ্চার করবে এবং আগামী দিনেও শিল্প-সংস্কৃতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে- এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা। সংগীতের অনুরণন আর হৃদয়ের উষ্ণতায় সন্ধ্যাটি সবার স্মৃতিতে হয়ে থাকে এক অনন্য ভালো লাগার অধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *