অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কের জন এফ কেনেডি (JFK) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার অভিযোগে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের চার নেতাকে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্টের তথ্য অনুযায়ী, বিমানবন্দরের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী-সহ ৪ নেতা রয়েছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে, ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর পর্যবেক্ষণে বলা হয়েছে, দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজের মাধ্যমে বাংলাদেশকে ঘিরে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।
পিআইবির অধীন বাংলাফ্যাক্ট নিয়মিতভাবে বিভিন্ন তথ্য ও দাবির সত্যতা যাচাই করে। পাশাপাশি প্রতিষ্ঠানটি গণমাধ্যম, সংবাদ পরিবেশনা এবং ভুল ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার নিয়ে গবেষণা ও বিশ্লেষণ করে। বাসস ও বাংলাফ্যাক্ট

