শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের কর্মসূচি ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’। গতকালের মতো রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। পরিস্থিতি সামাল দিতে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ বুধবার (১৫ জুলাই ২০২৬) রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার, মিরপুর ১০ গোলচত্তর, সায়েন্সল্যাব-সহ বিভিন্ন এলাকায় প্রতিবাদ চলছে। তবে শিক্ষার্থীদের আন্দোলনের মুখেও সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এই মুহুর্তে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সচিবালয়ের দিকে রওনা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটা বড় মিছিল। বেলা আড়াইটার দিকে সায়েন্স ল্যাব মোড়ে সমবেত হয়ে তারা সচিবালয়ের দিকে রওনা দেন। চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় অবস্থান করেন।
এর আগে প্রায় দেড়টার দিকে শিক্ষার্থীরা উত্তরার বিএনএস সেন্টারের সামনের সড়ক অবরোধ করেন। সবখানেই শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে বিক্ষোভ করেছেন।
এদিকে শিক্ষার্থীদের সম্পর্কে দেয়া বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন গতকাল সংসদে দুঃখ প্রকাশ করেছেন।

