ইরানের বন্দর অবরোধ কার্যকর করতে শুরু করেছে মার্কিন বাহিনী, ‘হুমকিতে নতি স্বীকার না করার’ ঘোষণা তেহরানের

আমেরিকা মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর শুরু হয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, ইরানের “হামলাকারী জাহাজ” যদি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কাছাকাছি আসে, তাহলে সেগুলো “ধ্বংস করে দেওয়া হবে।”

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “ইরানের নৌবাহিনী সমুদ্রের তলানিতে পড়ে আছে, তাদের ১৫৮টি জাহাজ সম্পূর্ণ ধ্বংস। আমরা তাদের অল্প কিছু ‘ফাস্ট অ্যাটাক শিপে’ আঘাত করিনি, কারণ আমরা সেগুলোকে তেমন হুমকি মনে করিনি।”

তিনি আরও বলেন, “সতর্কবার্তা: এই জাহাজগুলোর কোনোটি যদি আমাদের অবরোধের কাছাকাছি আসে, তাহলে ঠিক যেভাবে আমরা সমুদ্রে নৌকায় থাকা মাদক পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিই, সেই একই পদ্ধতিতে সেগুলোকেও সঙ্গে সঙ্গে ধ্বংস করা হবে।”

এদিকে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের এক মুখপাত্র বলেছেন, হরমুজ প্রণালি অবরোধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি হলো “ফাঁকা বুলি”, যা বাস্তবতার সাথে মিলে না। এব্রাহিম রেজায়ই সতর্ক করে বলেন, পরিস্থিতি সামরিক দিকে মোড় নিলে তেহরান তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত।

এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “এটা বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং যে বাজার পরিস্থিতি নিয়ে তিনি (ট্রাম্প) ক্ষুব্ধ, তার এই সিদ্ধান্ত বাজার পরিস্থিতিকে আরও অস্থির করে তুলবে। আমরা সম্ভবত আমাদের হাতে থাকা এমনকিছু কৌশল প্রকাশ করবো এবার, যা এখনও এই খেলায় প্রয়োগ করা হয়নি।” বিবিসি’র মার্কিন অংশীদার সিবিএস নিউজের প্রতিবেদনে এটি বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *