কাল ঢাকায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের প্রতিবাদ মিছিল, মঙ্গলবার সংসদ সদস্য এবং মন্ত্রিসভার শপথ

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনের পরের বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে ১১ দলীয় জোটের নেতারা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে দুপুরে এক বৈঠক করার পর এ কর্মসূচি ঘোষণা করেন।

রোববার বেলা ১২টার দিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে নির্বাচন কমিশনে ওই বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, নির্বাচনের পর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হচ্ছে, এবং এ বিষয়ে তারা কমিশনকে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এসব হামলার প্রতিবাদে সোমবার ঢাকার বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের করবে ১১ দলীয় জোট।

মি. আযাদ অভিযোগ করেন, নির্বাচনে ভয়-ভীতি ছড়ানোর কারণে ভোট কম পড়েছে। “আমরা যারা একসাথে নির্বাচন করেছি, তাদের পক্ষ থেকে বারবার কমিশনকেও বলা হয়েছে, স্থানীয়ভাবেও বলা হয়েছে। কিন্তু এর কোনো পদক্ষেপ আমরা সন্তোষজনকভাবে পাই নাই।”

তিনি আরও অভিযোগ করেন, ভোট গণনার সময় ১১ দলের এজেন্টকে জোর করে বের করে দেওয়া হয়েছে কোথাও কোথাও।
“ভোট গণনায় ত্রুটি থাকলে ফলাফলে তার প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক। রেজাল্ট শিটেও দেখা গেছে, ঘষামাজা, কাটাছিঁড়া, ওভাররাইটিং এবং অনেক জায়গায় অরিজিনাল এজেন্টের স্বাক্ষর নেওয়া হয়নি। যেমন, ঢাকা-৬ আসনে রেজাল্ট শিট লেখা হয়েছে পেন্সিলে।”

সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণ ১৭ই ফেব্রুয়ারি

এদিকে আগামী ১৭ই ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিতরা ও মন্ত্রিসভা শপথ গ্রহণ করবেন। আজ রোববার সকাল সরকারের একটি সূত্র বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছে।

ওইদিন সকালে সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে। এরপর ওইদিন বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে।

চিরাচরিত ধারা অনুযায়ী এবারও রাষ্ট্রপতিই মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। গতকাল শনিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ নিজেও এ কথা জানান।

এবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ ১৩ জন রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *