হারুন উর রশীদ স্বপন ডয়চে ভেলে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)কে লেখা লন্ডনের আইনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কিংসলি নাপলির একটি চিঠি বুধবার সাংবাদিকদের কাছে পাঠানো হয়৷
ঐ চিঠি আদালত অবমাননার শামিল বলে বৃহস্পতিবার ডয়চে ভেলেকে জানান আইসিটির চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম৷ তিনি বলেন, ‘‘ওই প্রতিষ্ঠানটি যা করেছে তা আদালত অবমাননা৷ আমরা কোনো চিঠি পাইনি৷ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা চিন্তা করতাম৷”
চিফ প্রসিকিউটর বলেন, ‘‘তাদের আদৌ শেখ হাসিনানিয়োগ করেছে কী না, বা অন্য কেউ নিয়োগ করেছে কী না, সেটা তো আমরা জানি না৷ আর আমাদের আইনে পলাতক আসামি আদালতে হাজির না হয়ে ব্যক্তিগতভাবে আইনজীবী নিয়োগ করতে পারেন না৷ তিনি একজন পলাতক আসামি, তিনি ল’ ফার্ম নিয়োগ করতে পারেন না৷”
চিঠির একটি কপি এই প্রতিবেদককে পাঠিয়েছেন সাবেক আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘ঐ ল’ ফার্মকে শেখ হাসিনার পক্ষ থেকে নিযুক্ত করা হয়েছে কী না বা কারা নিযুক্ত করেছেন, এই ব্যাপারে কোনো তথ্য আমার কাছে নেই৷ আমার কাছে এইটুকু তথ্য আছে যে ওই চিঠিটা তারা লিখেছে৷”
চিঠির বিষয়ে জানতে ডয়চে ভেলের পক্ষ থেকে কিংসলি নাপলিকে মেইল করা হলেও কোনো জবাব পাওয়া যায়নি৷

