শেরপুর-৩ আসনের উপনির্বাচনে (৯ ফেব্রুয়ারি ২০২৬) বিএনপির সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে শেরপুরের শ্রীবরদী উপজেলার জামায়াতকর্মী সিরাজুল ইসলাম ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) সিরাজুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে যান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান। এ সময় তিনি চিকিৎসকদের কাছ থেকে আহত জামায়াতকর্মীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং হাসপাতালে চিকিৎসারত অন্য রোগীদের খোঁজ নেন। পরে তিনি মহান রবের দরবারে জামায়াতকর্মীর দ্রুত সুস্থতার জন্য মোনাজাত করেন।

আমীরে জামায়াতের সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিম, জেলা নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর রশিদ ফরাজী, শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম, জামায়াত নেতা শেরপুর-৩ আসনের প্রার্থী মাসুদুর রহমানসহ বিপুলসংখ্যক স্থানীয় নেতাকর্মী।
ময়মনসিংহ মেডিক্যাল থেকে বেরিয়ে আসার সময় গণমাধ্যমকর্মীদের মাধ্যমে সরকারের উদ্দেশে ডা: শফিকুর রহমান বলেন, আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা করুন। সন্ত্রাসী কায়দায় কোনো আদর্শকে মোকাবেলা করা যায় না। ভবিষ্যতে আয়োজিত কোনো নির্বাচনে এভাবে যাতে সন্ত্রাসী কায়দায় মানুষের ওপর হামলা করে নির্বাচন করতে না হয়- সে ব্যাপারেও তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা আরো বলেন, এ ধরনের ঘটনাকে কোনোভাবেই ছোট করে দেখা যায় না, উচিতও নয়। উপনির্বাচনে ভোটদানে বাধাদান ও সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে এবং উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।

