খ্যাতিমান ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারীর পর এবার আধুনিক সময়ের অন্যতম শীর্ষস্থানীয় ফকিহ শায়খ আহমাদুল্লাহর ভিসা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার।
স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল ২০২৬) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালযয়ের সিদ্ধান্ত গ্রহণের খবর দিয়েছে দ্য ডেইলি টেলিগ্রাফ সিডনি। ইহুদি ধর্মাবলম্বীদের সম্পর্কে অতীতের কিছু মন্তব্যকে ‘জঘন্য’ ও ‘ইহুদি-বিদ্বেষী’ হিসেবে আখ্যায়িত করে এই পদক্ষেপ নেওয়া হয় বলে খবরে প্রকাশ।
ভিসা বাতিলের এই সিদ্ধান্তটি এমন এক সময়ে কার্যকর করা হয় যখন শায়খ আহমাদুল্লাহ সিডনি বিমানবন্দর দিয়ে অস্ট্রেলিয়া ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন।
অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, যারা ইহুদিবিদ্বেষী বা ইসলামোফোবিক বক্তব্য ছড়ায়, তাদের প্রতি সরকারের কোনো ধরনের সহনশীলতা নেই।
আইপিডিসির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘লিগ্যাসি অব ফেইথ’ কর্মসূচিতে অংশ নিতে শায়খ আহমাদুল্লাহ অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে তার নির্ধারিত সফরটি বাতিল ঘোষণা করা হয়েছে।
ফলে ৬ এপ্রিল ক্যানবেরার ন্যাশনাল কনভেনশন সেন্টার, ১০ এপ্রিল অ্যাডিলেডের উডভিল টাউন হল এবং ১১ এপ্রিল পার্থে পূর্বনির্ধারিত সভাগুলো অনুষ্ঠিত হবে না।

