শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে যুক্তরাষ্ট্রের জাহাজ: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী

আমেরিকা মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ খাতিবজাদেহ বলেছেন, যুক্তরাষ্ট্রের জাহাজগুলো “যতক্ষণ শত্রুতামূলক আচরণ না করবে” ততক্ষণ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে।

ইরানি গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে খাতিবজাদেহ বলেন, “হরমুজ প্রণালি খোলা রয়েছে, তবে কারিগরি সীমাবদ্ধতার কারণে জাহাজগুলোকে ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয় করে চলাচল করতে হবে।”

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “প্রণালিতে নিরাপদ নৌপথ নিশ্চিত করবো আমরা।”

তবে ইরানি কর্মকর্তাদের এসব বক্তব্যের বিপরীতে, হরমুজ প্রণালি থেকে পাওয়া প্রতিবেদনে দেখা যাচ্ছে—ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে খুব অল্প সংখ্যক জাহাজই এই পথ দিয়ে চলাচল করেছে।

পাকিস্তানে ইরানি ও মার্কিন প্রতিনিধিদলের মধ্যে আলোচনা শুরুর প্রহর গণনা যখন চলছে, এর মধ্যেই গত রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, “হরমুজ প্রণালী দিয়ে তেল চলাচলের অনুমতি দেওয়ার ক্ষেত্রে ইরান খুবই বাজে কাজ করছে—কেউ কেউ তো এটিকে লজ্জাজনকও বলছে। আমাদের মধ্যে যা সমঝোতা হয়েছিল, এটা তা নয়!” বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *