সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সামরিক-বেসামরিক কর্মকর্তাদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বৃহস্পতিবার সিলেট সফরকালে বিভিন্ন অনুষ্ঠানে তিনি এমনটি বলেন। আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বৃহস্পতিবার সিলেট এরিয়া পরিদর্শন করেছেন। তিনি ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথেও মতবিনিময় করেছেন।

সিলেট এরিয়া পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এরপর সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সেনাপ্রধান সামরিক-বেসামরিক কর্মকর্তাদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
এসময় জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সেনাবাহিনীর সামরিক সচিব; কমান্ড্যান্ট, এসআইএন্ডটি; জিওসি, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া এবং সেনাসদর ও কক্সবাজার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ অংশ নেন। পাশাপাশি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ অসামরিক প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

