নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর

ধর্ম ও দর্শন বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

পবিত্র রমজান মাসে শিশুদের মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায়ে উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মাসজুড়ে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় মিরপুর এলাকার ৩১৭ শিশুকে পুরস্কার হিসেবে নতুন সাইকেল দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে শিশুদের হাতে এসব সাইকেল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, ‘সাইকেল উপহারটি বড় বিষয় নয়, আমাদের মূল উদ্দেশ্য হলো ছোট ছোট শিশুদের নামাজের প্রতি অভ্যস্ত করা। এই বয়সে তারা যদি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নামাজে অভ্যস্ত হয়ে যায়, তবে ভবিষ্যতে তারা আর নামাজ ছাড়বে না।’

তিনি জানান, তার নির্বাচনী এলাকার চারটি ওয়ার্ডের ছয়টি মসজিদের মোট ৩১৭ শিশুকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। এর আগে একটি পর্ব সম্পন্ন হয়েছে। আজ শেষ ধাপে ২৪৫ শিশুকে সাইকেল দেওয়া হলো। শিশুদের এই অভ্যাস শুধু রমজান মাসেই সীমাবদ্ধ না রেখে সারা বছর ধরে রাখার জন্য তিনি উপস্থিত অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের এক মাস পূর্ণ হওয়ার আগেই নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ শুরু করেছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা এবং খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।’

ক্রীড়া খাতের উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী ৩০ মার্চ জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা দেওয়া হবে।

সামাজিক শৃঙ্খলা রক্ষায় সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা চাঁদাবাজ, মাদক ও দখলদার মুক্ত সমাজ গড়তে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এসব অপরাধে জড়িতদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।’ এসময় গত ১৭ বছরের রাজনৈতিক প্রতিহিংসা কাটিয়ে একটি শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় মসজিদের ইমাম, খতিব, অভিভাবক এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শিশুদের এই সুন্দর আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট মসজিদ কমিটি ও এলাকাবাসীকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী। বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *