ট্রেন লাইনচ্যুত: সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ

বাংলাদেশ সাম্প্রতিক সিলেট
শেয়ার করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় তেলবাহী একটি ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় ১২ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার (১ এপ্রিল ২০২৬) রাত পৌনে ১০টার দিকে ঢাকা-সিলেট রেলপথে এ দুর্ঘটনা ঘটে।  আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মনতলা স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম জানান, লাইনচ্যুত পাঁচটি বগির মধ্যে ইতোমধ্যে দুটি উদ্ধার করা হয়েছে। বাকি বগিগুলো উদ্ধারে কাজ চলছে। তিনি আরও বলেন, পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে।

রেলওয়ে সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী ৯৫১ নম্বর তেলবাহী ট্রেনটি মনতলা স্টেশন অতিক্রমের সময় পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি পাশের খাদে পড়ে যায়।

স্থানীয়রা জানান, বিকট শব্দে ট্রেনটি লাইনচ্যুত হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। এ সময় কিছু লোক বগি থেকে তেল লুটের চেষ্টা করলে খবর পেয়ে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তেল লুটপাট বন্ধ করি। ঘটনাস্থল থেকে প্রায় এক হাজার লিটার তেল উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্টরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার লিটন কুমার চন্দ্র দেব বলেন, উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। সকাল ৮টা পর্যন্ত দুটি বগি উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *