জামায়াত নেতা তাহের মুসলিম বিশ্বের তরুণদের আইডল: সাদিক কায়েম

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে ‘মুসলিম বিশ্বের তরুণদের আইডল’ হিসেবে উল্লেখ করে, তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। কুমিল্লার চৌদ্দগ্রামে বিশাল নির্বাচনী সমাবেশে তিনি এ আহ্বান জানান।

শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) চৌদ্দগ্রাম উপজেলার এইচজে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত সমাবেশে সাদিক কায়েম বলেন, ডা. তাহের চৌদ্দগ্রামের সন্তান এবং তিনি শুধু জুলাই আন্দোলনেই নয়, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও ভূমিকা রেখেছেন। তিনি মুসলিম বিশ্বের তরুণদের আইডল হিসেবে পরিচিত। এমন যোগ্য ও মেধাবীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন, গত ১৬ বছরে যারা রাজপথে ছিল এবং জনগণের পাশে দাঁড়িয়েছে, তাদেরই বেছে নিতে হবে।

ডাকসুর ভিপি সাদিক কায়েম ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের কথা তুলে ধরে বলেন, বিপ্লব-পরবর্তী সময়ে জুলাই আন্দোলনের চেতনাকে সবচেয়ে বেশি ধারণ করেছে জামায়াতে ইসলামী। আর জামায়াতের আমীর জুলাই শহিদ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তাদের সহায়তা করেছেন এবং সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

গত ৫৪ বছরে বিভিন্ন সরকার এসেছে ও গেছে—অনেকে প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কয়জন তা রক্ষা করেছে প্রশ্নের মাধ্যমে জনগনের প্রতিক্রিয়া জানতে চান ভিপি সাদিক কায়েম। তারপর নতুন প্রজন্মের প্রত্যাশা উপস্থাপন করে বলেন, তরুণরা তাদের ভোট দেবে সেই সব প্রার্থীদের, যারা জুলাই আন্দোলন ও রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে এবং চাঁদাবাজি, সন্ত্রাস ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে শূন্য সহনশীলতার কথা বলছে।

নির্বাচনী সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশের আমীর মাওলানা মামুনুল হক, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সদ্য বিদায়ী সভাপতি জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *