ছয় সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

সাম্প্রতিক
শেয়ার করুন

ঢাকা উত্তর ও দক্ষিণসহ ছয়টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (এলজিডি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। ২০২৪ সালের স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশের ধারা ২৫(ক) এর উপধারা (১) অনুযায়ী এসব নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. শফিকুল ইসলাম খানকে।

এছাড়া খুলনা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন নজরুল ইসলাম মঞ্জু এবং সিলেট সিটি করপোরেশন পরিচালনা করবেন আবদুল কাইয়ুম চৌধুরী।

অন্যদিকে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দায়িত্বে থাকবেন মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. শওকত হোসেন সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫(ক) এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে বর্ণিত ব্যক্তিদের করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নামের পাশে বর্ণিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা অধ্যাদেশের ধারা ২৫(ক) এর উপধারা (৩) অনুযায়ী মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং প্রচলিত বিধি অনুযায়ী বেতন-ভাতা গ্রহণ করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *