গণভোটের মধ্য দিয়ে সংস্কারের পক্ষে যে সুস্পষ্ট গণরায় এসেছে, তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো অঙ্গীকারাবদ্ধ বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
শনিবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোও গণভোটে ‘হ্যাঁ’- এর পক্ষে রায় দিতে জনগণকে আহ্বান জানিয়েছিলেন। এটি কেবল সরকারের অ্যাজেন্ডা নয়, এটি সবার অ্যাজেন্ডা, যা জনগণ অনুমোদন করেছে।
তিনি বলেন, ‘জনগণের এই রায়কে কেবল সংখ্যার বিবেচনায় দেখলেই হবে না। এই রায় জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের কাছে আমাদের অঙ্গীকার।’
গণভোটের হার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, এখন পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনের যে সংখ্যা বা হার দেখানো হচ্ছে, সেটি সব আসনের নয়। সেগুলো যুক্ত হলে জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার বাড়বে বলেও জানান তিনি।
আলী রীয়াজ দাবি করেন, ‘অনেকে নির্বাচনে ভোট দিতে এসে কেবল গণভোটে ভোট দিয়েছেন অন্য ভোট দেননি- এ কারণে দুই এক শতাংশের ব্যবধান হয়েছে।’

