মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই মুহূর্তে ইরানে মার্কিন সেনা পাঠানো ‘সময়ের অপচয়’ হবে এবং এখন তিনি এমন কোনো বিষয় নিয়ে এখনই ভাবছেন না।বৃহস্পতিবার এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “এটা সময়ের অপচয়। তারা সবকিছু হারিয়েছে। তারা তাদের নৌবাহিনী হারিয়েছে। তারা যা হারাতে পারে তার সবকিছুই হারিয়েছে”।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এনবিসিতে যে মন্তব্য করেছিলেন যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি স্থল আক্রমণের জন্য প্রস্তুত, সেটিও ‘অযথা মন্তব্য’ বলে উল্লেখ করেন তিনি।
ট্রাম্প আরও বলেন যে তিনি বর্তমান ইরানি নেতৃত্ব কাঠামোকে ‘সাফ করে দিতে’ চান। “আমরা চাই তাদের একজন ভালো নেতা থাকুক। আমাদের কিছু লোক আছে যারা আমার মনে হয় ভালো কাজ করবে,” বলেন তিনি। যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি।
ইসরায়েলের সীমান্ত এলাকার বাসিন্দাদের প্রতি হেজবুল্লাহর সতর্কবার্তা
ইসরায়েলি বাসিন্দাদের লেবানন সীমান্ত থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে অবস্থিত শহরগুলো ছেড়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে হেজবুল্লাহ। বিবিসি ফার্সির এক খবরে এই তথ্য জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার সকালে হিব্রু ভাষায় হেজবুল্লাহর টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বার্তায় এই সতর্কতা জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, “লেবাননের সার্বভৌমত্ব ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে আপনাদের সেনাবাহিনীর লঙ্ঘন, বেসামরিক অবকাঠামো ধ্বংস এবং যে উচ্ছেদ অভিযান তারা চালাচ্ছে— তার জবাব দেওয়া হবে”।
বৃহস্পতিবার রাতের দিকে ইসরায়েলি সেনারা লেবাননের বিরুদ্ধে একাধিক হামলা চালায়। এর আগে তারা বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর— যা হেজবুল্লাহর প্রধান ঘাঁটিগুলোর অন্যতম হিসেবে বিবেচিত— সেখানকার মানুষদের স্থান ত্যাগ করতে বলে।
ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা অল্প কিছুক্ষণ আগে তেহরানে অবস্থিত “ইরানি সন্ত্রাসী শাসনব্যবস্থার” অবকাঠামোর বিরুদ্ধে একটি “ব্যাপক হামলা” শুরু করেছে। বিবিসি

