অপরাধ দমনে সিলেট নগরীকে আইপি ক্যামেরার আওতায় আনা হবে : বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ সাম্প্রতিক সিলেট
শেয়ার করুন

অপরাধ দমনে শিগগিরই সিলেট নগরীকে অত্যাধুনিক আইপি ক্যামেরার আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজের গতি আরও বাড়াতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, আমাদের দেশ এখনও সম্পদে সীমিত। তবুও যে সম্পদ ও সক্ষমতা রয়েছে, তা দিয়েই সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখতে হবে।

মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতে পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা, আবাসন সুবিধাসহ বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

প্রশাসক বলেন, আমরা সন্ত্রাসমুক্ত ও শান্তির নগর হিসেবে সিলেটকে গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যেই সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাচ্ছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সন্ত্রাসমুক্ত সিলেট গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিএমপির অতিরিক্ত কমিশনার (উত্তর ও দক্ষিণ), সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বক্তব্য দেন। এছাড়াও সভায় উপকমিশনারবৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *