যাত্রীদের নিরাপত্তায় ভূমিকা রাখায় এনামুলকে পুরস্কৃত করল রেলওয়ে

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

রেললাইনের ত্রুটি শনাক্ত করে কলার মোচা দেখিয়ে সম্ভাব্য ট্রেন দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মো. এনামুল হককে পুরস্কৃত করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক, সনদ ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ তার হাতে এ সম্মাননা তুলে দেন। এ উপলক্ষ্যে তার সম্মানে এক সংবর্ধনারও আয়োজন করা হয়।

রেলপথ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুরের বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের বাসিন্দা মো. এনামুল হক গত ২৩ মার্চ সকাল ৬টা ৫০ মিনিটে বিরামপুর-ফুলবাড়ী স্টেশনের মধ্যবর্তী রেললাইনের জয়েন্টে প্রায় ৭ ইঞ্চি ভাঙন দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি লাল সংকেত প্রদর্শন করে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনকে থামার সংকেত দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, তার তাৎক্ষণিক ও বিচক্ষণ পদক্ষেপ রেল চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এজন্য একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী (পশ্চিম) আহম্মদ হোসেন মাসুমসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা, রেলওয়ে শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাড়ির সামনে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন দিনমজুর এনামুল হক। হঠাৎ তার চোখে পড়ে রাস্তায় বড় ভাঙন। তাতে দুর্ঘটনার আশংকায় নিকটবর্তী মহল্লা থেকে কলার মোচার লাল রঙের খোসা লাঠির মাথায় বেধে তিনি রেললাইনের পাশে দাড়িয়ে বিপদ সংকেত দেন। ফলে ট্রেন সেখানে থেমে যায়। এতে মারাত্মক দুর্ঘটনা থেকে বেঁচে যায় ট্রেনটি। বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *