চার ঘণ্টা পরেও ইরান-মার্কিন আলোচনা অব্যাহত

আমেরিকা এশিয়া মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

ইরানের আধা সরকারি গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা চার ঘণ্টা পেরিয়ে এখনো চলছে। প্রতিবেদন অনুযায়ী, আলোচনার মাঝখানে দুই পক্ষ পরামর্শ ও বিশ্রামের জন্য কিছু সময়ের জন্য বিরতি নেয়। এরপর আবার আলোচনা শুরু হয়েছে। এখনো এই আলোচনার সমাপ্তি নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি এবং আলোচনা আরও বাড়বে কি না, তাও স্পষ্ট নয়।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা চলছে

বিবিসি উর্দুর রুহান আহমেদ জানান, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘বিশেষজ্ঞ পর্যায়ে’ আলোচনা শুরু হয়েছে।

তার মতে, এই পর্যায়ে দুই পক্ষের দেওয়া প্রস্তাবগুলোর “কারিগরি দিকগুলো পর্যালোচনা করা হবে”। এর আগে দুই পক্ষের মধ্যে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে উচ্চ পর্যায়ের আলোচনা হয়েছে। দুজন সরকারি কর্মকর্তা বিবিসি উর্দুকে জানিয়েছেন, প্রাথমিক আলোচনা ‘ইতিবাচক’ হয়েছে।

হোয়াইট হাউস প্রেস পুলের এক প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, এই আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে “বিভিন্ন বিষয়ে কারিগরি বিশেষজ্ঞরা ইসলামাবাদে উপস্থিত রয়েছেন। পাশাপাশি ওয়াশিংটন থেকে অতিরিক্ত বিশেষজ্ঞদের সহায়তাও পাওয়া যাচ্ছে”।

অন্যদিকে ইসলামাবাদে আসা ইরানি প্রতিনিধি দলে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. নাসের হেম্মতি-সহ বিভিন্ন কারিগরি বিশেষজ্ঞরাও রয়েছেন।

ইসলামাবাদের বৈঠক নিয়ে যা জানালো ইরান ও যুক্তরাষ্ট্র

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, পাকিস্তানে থাকা ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সর্বশক্তি দিয়ে ইরানের স্বার্থ রক্ষা করছে এবং এ কাজে সাহসের সঙ্গে নিয়োজিত থাকবে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, কোনো অবস্থাতেই জনগণের সেবা বন্ধ হবে না এবং আলোচনার ফল যাই হোক না কেন, সরকার জনগণের পাশে থাকবে।

অন্যদিকে হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা পাকিস্তানের সঙ্গে মার্কিন ও ইরানি প্রতিনিধি দলের মুখোমুখি ত্রিপক্ষীয় আলোচনার কথা নিশ্চিত করেছেন। সে কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন বিষয়ের মার্কিন বিশেষজ্ঞরাও ইসলামাবাদে উপস্থিত আছেন এবং অন্যান্য বিশেষজ্ঞরা ওয়াশিংটন ডিসি থেকে সহায়তা করছেন।  বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *